
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: কখনও তীব্র রোদ, কখনও আচমকা বৃষ্টি—ঋতুর এই অস্থির আবহাওয়ায় শরীরের উপর চাপ বাড়ছে প্রতিদিনই। ফলে সহজেই কমে যাচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা। এমন সময়ে খাবারের তালিকায় পুষ্টিকর উপাদান রাখা অত্যন্ত জরুরি বলে মত বিশেষজ্ঞদের। আর সেই কারণেই এখন অনেকেই ময়দার বদলে আটা বেছে নিচ্ছেন স্বাস্থ্যকর বিকল্প হিসেবে।
আটায় রয়েছে ডায়েটারি ফাইবার, প্রোটিন-সহ একাধিক প্রয়োজনীয় পুষ্টিগুণ, যা শরীরকে ভিতর থেকে শক্তি জোগাতে সাহায্য করে। শুধু রুটি বা পরোটা নয়, বিভিন্ন সুস্বাদু মিষ্টির পদও তৈরি করা যায় আটার সাহায্যে। স্বাদ বজায় রেখেও তুলনামূলক স্বাস্থ্যকর খাবার বানানোর জন্য আটা এখন অনেকেরই প্রথম পছন্দ। তাই এমন তিনটি মিষ্টি পদের সন্ধান দেওয়া হল, যা স্বাস্থ্যকর হতে পারে আটার গুণে।
* আটার লাড্ডু: শুকনো খোলায় আটা ও চিনি মিশিয়ে ভেজে নিন। তার পর বড় কড়াইয়ে অল্প ঘি গরম করে ওই মিশ্রণ ঢেলে দিন। ঢিলে ঢিলে ঘন হয়ে এলে আঁচ বন্ধ করে দিন। তার পর শুকনো ফল মিশিয়ে ভাল করে নেড়়েচেড়ে নিন। মিশ্রণটি ভাল করে অন্য পাত্রে ঢেলে ঠান্ডা করতে দিন। এর উপর অল্প করে এলাচগুঁড়ো মিশিয়ে হাতের তালুতে ঘুরিয়ে ঘুরিয়ে লাড্ডুর আকার দিন। বায়ুনিরোধী পাত্রে লাড্ডুগুলি রেখে দিন। খুব গরম পড়লে প্রয়োজনে ফ্রিজেও রাখতে পারেন।
* আটার হালুয়া: কড়াইয়ে ঘি গরম করে তার মধ্যে আটা দিয়ে ধীরে ধীরে ভাজতে হয়। আঁচ কম রাখতে হবে, আর ক্রমাগত নাড়তে হবে, যাতে দলা না পাকায় বা পুড়ে না যায়। ঠিক মতো ভাজা হলে আটার রং গাঢ় সোনালি হয়ে যায় এবং রান্নাঘর ভরে ওঠে সুগন্ধে। আলাদা পাত্রে জল আর চিনি গরম করে সিরার মতো তৈরি করা হয়। তার পর সেটি ধীরে ধীরে ভাজা আটার মধ্যে ঢালতে হয়। নাড়াতে নাড়াতে একটু পরেই মিশ্রণ ঘন হতে শুরু করে। দেখতে অনেকটা চকচকে, মোলায়েম মিশ্রণের মতো হবে। শেষে এলাচগুঁড়ো, কাজু, কিশমিশ বা বাদাম ছড়িয়ে পরিবেশন করতে পারেন।
* আটার বরফি: আটা দিয়ে বরফিও বানিয়ে নিতে পারেন। এটা তৈরি করা সহজ এবং খেতেও সুস্বাদু। আটার বরফি তৈরি করতে লাগবে অল্প ঘি, এক কাপ আটা, এক চিমটে এলাচগুঁড়ো এবং আধ কাপ গুঁড়ো করা গুড়। একটি বড় পাত্রে ঘি গরম করে আটা ভেজে নিন। সোনালি রং ধারণ করলে এলাচগুঁড়ো এবং গুঁড়ো করা গুড় মিশিয়ে ভাল করে নাড়ুন। একটি থালায় অল্প ঘি মাখিয়ে সেই মিশ্রণটি ঠান্ডা করে নিন। এর উপরে নারকেলকোরা বা শুকনো ফলও ছড়িয়ে দিতে পারেন। ধীরে ধীরে জমে এলে চৌকো করে কেটে পরিবেশন করুন।
স্বাস্থ্য সচেতনতার যুগে তাই শুধুমাত্র স্বাদের দিকে নয়, খাবারের গুণাগুণের দিকেও নজর দিচ্ছেন অনেকে। আর সেই তালিকায় আটার তৈরি মিষ্টি ধীরে ধীরে জায়গা করে নিচ্ছে বাঙালির রান্নাঘরে।
