
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: থাইরয়েড সমস্যায় নারীদের আক্রান্ত হওয়ার প্রবণতা পুরুষদের তুলনায় বেশি দেখা যায়। বিশেষ করে হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে শরীরে হরমোনের ভারসাম্য নষ্ট হয়ে ধীরে ধীরে ওজন বৃদ্ধি, ক্লান্তি এবং বিপাকক্রিয়ার গতি কমে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। চিকিৎসকদের মতে, ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন হরমোনের ওঠানামা থাইরয়েড ফাংশনের উপর প্রভাব ফেলতে পারে, ফলে অনেক ক্ষেত্রে হরমোনজনিত জটিলতা তৈরি হয়।
আমেরিকান থাইরয়েড অ্যাসোসিয়েশনের পর্যবেক্ষণ অনুযায়ী, ইস্ট্রোজেনের মাত্রা অতিরিক্ত হলে থাইরয়েড হরমোনের কার্যকারিতা বাধাগ্রস্ত হতে পারে। এর ফলে শরীরের বিপাকক্রিয়া ধীর হয়ে যায় এবং নানা শারীরিক সমস্যা দেখা দেয়। এই পরিস্থিতিতে নিয়মিত চিকিৎসা ও ওষুধ গ্রহণ অত্যন্ত জরুরি হলেও, জীবনযাত্রার পরিবর্তনও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
∆ কোন ধরনের পুশ-আপ মেয়েরা করতে পারেন?
* ওয়াল পুশ আপ: দেওয়াল থেকে দেড় হাত দূরে দাঁড়ান। দুই পায়ের মাঝে কিছুটা দূরত্ব রাখুন। হাত দু'টি দেওয়ালের উপর রাখুন, ঠিক কাঁধের সোজাসুজি। কোমর সোজা রেখে হাতে ভর দিয়ে শরীরকে ধীরে ধীরে দেওয়ালের দিকে এগিয়ে নিয়ে যান আবার শুরুর অবস্থানে ফিরিয়ে আনুন। কোমর ঝোঁকালে চলবে না। শরীর টানটান থাকতে হবে। বুক, কাঁধ এবং ট্রাইসেপস-এর জোর বৃদ্ধি করবে এই ব্যায়াম।
* নি পুশ-আপ: ম্যাটের ওপর বজ্রাসনে বসুন। দুই হাত মেঝের উপর রাখুন। এ বার পিঠ তুলে হামাগুড়ি দেওয়ার মতো ভঙ্গি করুন। দুই পায়ের পাতা উপরে তুলে রাখতে পারেন। শরীর এক বার নীচে নামাতে হবে এবং আবার উপরে ওঠাতে হবে।
* স্ট্যান্ডার্ড পুশ-আপ: মেঝেতে প্ল্যাঙ্কের মতো ভঙ্গি করুন। মাথা, কাঁধ, কোমর ও পা এক সরলরেখায় থাকবে। শ্বাস নিতে নিতে কনুই ভাঁজ করে শরীরকে নীচের দিকে নামান, যত ক্ষণ না বুক প্রায় মেঝে স্পর্শ করে। শ্বাস ছাড়তে ছাড়তে হাতের সাহায্যে নিজেকে আবার উপরে ঠেলে তুলুন, অর্থাৎ, শুরুর অবস্থানে ফিরে যান।
* ওয়াইড গ্রিপ পুশ-আপ: সাধারণ পুশ-আপের মতোই পদ্ধতি, তবে হাত দু'টি কাঁধের প্রস্থের চেয়ে আরও অন্তত ৬-৮ ইঞ্চি বাইরে রাখতে হবে। অর্থাৎ, দুই হাতের পাতার মধ্যে দূরত্ব বেশি থাকবে। এতে কাঁধ এবং বুকের উপর বেশি টান পড়বে। এই ভাবে শরীর নামাতে ও ওঠাতে হবে।
* ইনক্লাইন পুশ-আপ: নীচু টেবিল বা বেঞ্চে ভর দিয়ে এই পুশ আপ করতে হবে। শরীর মাটির সঙ্গে ৪৫ ডিগ্রি কৌণিক অবস্থানে রেখে দুই হাত বেঞ্চে ভর দিয়ে পুশ আপ করতে হবে।
তবে চিকিৎসকদের পরামর্শ, থাইরয়েড সমস্যার ক্ষেত্রে শুধুমাত্র ব্যায়ামের উপর নির্ভর না করে সঠিক চিকিৎসা, নিয়মিত ওষুধ গ্রহণ এবং বিশেষজ্ঞের পরামর্শ মেনে চলাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
