
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: রবিবার দিল্লির রামলীলা ময়দানে বিরোধীদের রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে আর্থিক ক্ষতির অভিযোগ তুলল ‘চেম্বার অফ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি’ (সিটিআই)। সংগঠনের দাবি, ওই কর্মসূচির জেরে রাজধানীতে ব্যবসায়িক ক্ষেত্রে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১১ হাজার কোটি টাকা। প্রাথমিকভাবে ক্ষতির অঙ্ক ১০ হাজার কোটি টাকা হতে পারে বলে আশঙ্কা করা হয়েছিল। কিন্তু বাস্তবে সেই পরিমাণ আরও এক হাজার কোটি টাকা বেড়েছে বলে দাবি সিটিআইয়ের। সংগঠনের প্রশ্ন, এই বিপুল আর্থিক ক্ষতির দায় নেবে কে? সিটিআইয়ের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, বিরোধীদের কর্মসূচির প্রভাব পড়েছে দিল্লির ব্যবসায়িক মহলে। ওই দিন অন্তত আড়াই লক্ষ দোকান বন্ধ ছিল বলে দাবি সংগঠনটির। ফলে খুচরো ব্যবসা থেকে শুরু করে বিভিন্ন বাণিজ্যিক ক্ষেত্রে ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে বলে তাদের বক্তব্য।
১ নভেম্বর কর্মসূচির আগে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে একাধিকবার চিঠি লিখেছিলেন সিটিআই চেয়ারম্যান ব্রিজেশ গোয়েল। বলেছিলেন, ওই কর্মসূচিতে প্রায় ১০ লক্ষ মানুষের জমায়েত হতে পারে। অন্তত ২০ হাজার বাস থাকবে রামলীলা ময়দান সংলগ্ন এলাকায়। তার ফলে ওই এলাকার সমস্ত দোকান বন্ধ হয়ে যাবে। তার ফলে অন্তত ১০ হাজার কোটি টাকার ক্ষতি হতে পারে। আসলে ধনতেরাস ও দীপাবলি উপলক্ষে রামলীলা ময়দানের আশপাশের দোকানগুলিতে প্রচুর মানুষ কেনাকাটা করতে আসেন। ধনতেরাসে দিল্লিজুড়ে সোনা-রুপো, ইলেকট্রনিক্স, পোশাক, বাসনপত্র, শুকনো ফল, মিষ্টি, গাড়ি, মতো বিভিন্ন ক্ষেত্রে প্রায় ২৫ হাজার কোটি টাকার ব্যবসা হয়ে থাকে। কিন্তু বিরোধীদের সমাবেশের কারণে ব্যবসায়ীরা উদ্বিগ্ন। সিটিআই প্রস্তাব দিয়েছিল, বিক্ষোভ কর্মসূচিটি যাতে ১০ নভেম্বরের পরে করা হয়।
সেই আবেদনে কর্ণপাত করেনি ইন্ডিয়া জোট। রবিবার কর্মসূচির পর ক্ষয়ক্ষতির পরিমাণ বর্ণনা করতে গিয়ে ব্রিজেশ বলেন, রামলীলা ময়দানের আশপাশে পাঁচ কিলোমিটার পর্যন্ত সমস্ত দোকান বন্ধ করে দেওয়া হয়েছিল। তার মধ্যে কাশ্মীরি গেট, কনট প্লেস, সদর বাজার, চাঁদনি চকের মতো বিকিকিনির মূল কেন্দ্রগুলিও। এই বিশাল এলাকাজুড়ে অন্তত ৩ লক্ষ দোকান রয়েছে বলে জানান ব্রিজেশ। তার মধ্যে অন্তত আড়াই লক্ষ দোকান বন্ধ ছিল দীপাবলির আগে শেষ রবিবারে। ফলে ওই দিনের ৮০ শতাংশ ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়েছে।
অন্তত ২ কোটি দিনমজুর ক্ষতিগ্রস্ত হয়েছেন বলেও দাবি সিটিআইয়ের। এই বিপুল অঙ্কের ক্ষতি মেটাবে কে? কর্মসূচির আয়োজকরা কি দায়িত্ব নেবেন? প্রশ্ন ব্রিজেশের। যদিও রাহুলের মতে, দোকান বন্ধ করার দায় প্রশাসনের। জোর করে দোকান বন্ধ করে দিয়েছে বিজেপি সরকার।
