
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: রামলীলা ময়দানে বিরোধী ‘ইন্ডি’ জোটের সমাবেশ এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবনে আয়োজিত প্রতীকী ‘মক পার্লামেন্ট’ নিয়ে রাহুল গান্ধীকে তীব্র কটাক্ষ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার চণ্ডীগড়ের এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী হতে চাইলে রাহুল গান্ধীকে আজীবন ‘মক পার্লামেন্টে’ই থাকতে হবে। দেশের প্রকৃত সংসদে প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ তাঁর আসবে না বলেও কটাক্ষ করেন শাহ। কংগ্রেসের নির্বাচনী ফলাফল নিয়েও আক্রমণ শানিয়ে তাঁর দাবি, গত ১৫ বছরে তিনটি নির্বাচনে দলটি পরাজিত হয়েছে। সোনিয়া গান্ধীর ছেলেকে প্রধানমন্ত্রী করার স্বপ্নও পূরণ হয়নি বলে মন্তব্য করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
রবিবার চণ্ডীগড়ে এক সরকারি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানেই এক জনসভা থেকে কংগ্রেসকে তেড়েফুঁড়ে আক্রমণ শানান তিনি। বলেন, “আমি রাহুলকে বলতে চাই, যদি প্রধানমন্ত্রী হতে চান তাহলে আজীবন নকল সংসদেই থাকুন। কারণ আসল সংসদে সে সুযোগ আপনার আসবে না।” এরপরই রামলীলা ময়দানে কংগ্রেসের সভা নিয়ে আক্রমণ শানিয়ে বলেন, “আজ ১ নভেম্বর। ১৯৮৪ সালে আজকের দিনে দিল্লিতে হাজার হাজার শিখকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। আজ সেই দিনেই রাহুল রামলীলায় জলসা করছেন। দেশ কখনও ভুলবে না যে শিখ গণহত্যার বার্ষিকীতে আপনারা রাজনৈতিক সমাবেশ করেছেন। এটা শিখ শহিদদের ক্ষতে নুনের ছিটে। এমন দিনে জলসা করলে আপনার মহব্বতের দোকান থেকে ঘৃণা ছাড়া কিছুই পাওয়া যাবে না।”পাশাপাশি বিরোধী শিবিরকে কড়া সুরে আক্রমণ শানিয়ে শাহ বলেন, ”মিথ্যা বলা, অরাজকতা ছড়ানো, সংসদ চলতে না দেওয়া আপনাদের অভ্যাস। এই অভ্যাস থাকলে আরও ৫ বছর বিরোধী বেঞ্চেই থাকতে হবে। আগামী ৩টে নির্বাচনেও তোমাদের খাতা খুলবে না।” উল্লেখ্য, নির্বাচনে কারচুপি, বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর-এর মাধ্যমে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার অভিযোগে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সরব হয়েছে ইন্ডিয়া জোট। অন্যদিকে, পালটা ‘গণতন্ত্র বাঁচাও ও নৈরাজ্য দূর করো’ কর্মসূচি শুরু করেছে বিজেপি। যেখানে বিরোধী দলগুলির বিরুদ্ধে দেশে নৈরাজ্য সৃষ্টির অভিযোগ তুলেছে গেরুয়া শিবির।
