
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:দিল্লির রামলীলা ময়দানে ‘ভোটচুরি’র অভিযোগ তুলে নির্বাচন কমিশন ও বিজেপির বিরুদ্ধে সরব হয়েছে বিরোধী ‘ইন্ডি’ জোট। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত ওই সমাবেশে তাঁকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ করার পাশাপাশি জেলে পাঠানোর হুঁশিয়ারি দেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। রাহুলের সেই বক্তব্যের পালটা দিতে গিয়ে এবার তাঁকেই নিশানা করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। অনুপ্রবেশ ইস্যুতে কংগ্রেস নেতাকে ‘অনুপ্রবেশকারীদের রক্ষক’ বলে কটাক্ষ করে হিমন্ত বলেন, “অসমে আসুন, আপনাকে ধাক্কা দিয়ে বাংলাদেশ পাঠাব।” রবিবার হিমাচল প্রদেশের শিমলায় বিজেপির কর্মসূচিতে যোগ দিয়ে এই মন্তব্য করেন তিনি।
রবিবার হিমাচল প্রদেশের শিমলায় ‘গণতন্ত্র বাঁচাও ও নৈরাজ্য দূর করো’ কর্মসূচি শুরু করেছে বিজেপি। সেই কর্মসূচিতে যোগ দিয়ে রাহুলের বিরুদ্ধে ফুঁসে ওঠেন হিমন্ত বিশ্বশর্মা বলেন, “বাংলাদেশিদের এখানে কোনও জায়গা নেই। আর রাহুলজি বাংলাদেশিদের প্রতি আপনার যদি এতই দরদ থাকে তবে বাংলাদেশে যান। সেখানে গিয়ে নির্বাচন লড়ুন।” একইসঙ্গে তিনি বলেন, “আপনি বরং অসমে আসুন, আমি আপনাকে ধাক্কা দিয়ে বাংলাদেশ পাঠিয়ে দেব। বাংলাদেশের প্রতি ভালবাসা থাকলে অসমে আসুন, শুভেন্দু আর আমি আপনাদের জন্য প্যারাসুটে অবতরণের ব্যবস্থা করব।”সুর চড়িয়ে হিমন্ত আরও বলেন কংগ্রেস আর কখনই ক্ষমতায় ফিরবে না। তাঁর কথায়, ‘ওখানে (বাংলাদেশে) যান এবং সরকার বদলান। ভারতে শাসনব্যবস্থা তখনই বদলায়, যখন জনগণ সরকার বদলানোর সিদ্ধান্ত নেয়। তারা ভোটের মাধ্যমে তা বদলায়। তারা ইভিএমের মাধ্যমে তা বদলায়। তবে বাস্তব এটাই যে কংগ্রেস আর কখনও ফিরবে না।’ বিজেপির কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে হিমন্ত বলেন, ‘বিজেপি মানুষের মন চুরি করে, ভোট নয়। আর কংগ্রেস শুধু ইভিএমেই নয়, ব্যালট পেপারেও হারছে। সম্প্রতি বিভিন্ন রাজ্যে বিধান পরিষদের সদস্য নির্বাচনেও সেই ছবি দেখা গিয়েছে।”
রবিবার দিল্লির রামলীলা ময়দানে নির্বাচন কমিশন এবং বিজেপিকে একযোগ তোপ দাগেন লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এদিন বিরোধী মঞ্চ থেকে কংগ্রেসের নেতার বার্তা, “আমরা অহিংসাবাদী। নরেন্দ্র মোদি কিংবা অমিত শাহ আমাদের শত্রু না। কিন্তু মনে রাখতে হবে, তুমি যেই হও, সংবিধানের থেকে বড় না।” ‘ভোটচুরি’র পরিসংখ্যান তুলে ধরে রাহুল হুঙ্কার দেন, “ইস্তফা তো বটেই, জ্ঞানেশ কুমার জেলে যাবেন।” কংগ্রেস নেতার বক্তব্যের পরেই পালটা তোপ দাগল বিজেপি।
