Cyclone ‘Arnab’ LIVE updates: তীব্র ঘূর্ণিঝড়ের রূপ নিল 'অর্ণব', অন্ধ্রে শুরু বৃষ্টি, লাল সতর্কতা আইএমডি-র

Rain begins in Andhra Pradesh
Rain begins in Andhra Pradesh

 

অমরাবতী ও বিশাখাপত্তনম, ২৭ অক্টোবর : পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে শক্তি বাড়িয়ে আরও বিধ্বংসী রূপ নিয়েছে ঘূর্ণিঝড় 'অর্ণব'। ভারতের আবহাওয়া দফতর (আইএমডি)-এর সর্বশেষ বুলেটিন অনুযায়ী, সিস্টেমটি আরও ঘনীভূত হয়ে ইতিমধ্যেই একটি 'তীব্র ঘূর্ণিঝড়'-এ পরিণত হয়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বর্তমান অবস্থানের নিরিখে ঘূর্ণিঝড়টি বিশাখাপত্তনম থেকে প্রায় ৩০০ কিমি, কাকিনাড়া থেকে ৩৬০ কিমি, মছিলিপত্তনম থেকে ৪৬০ কিমি এবং বাপতলা থেকে প্রায় ৫৩০ কিমি দূরে অবস্থান করছে। এটি ক্রমশ উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বাপতলা ও বিশাখাপত্তনমের মধ্যবর্তী অন্ধ্র উপকূল অতিক্রম করতে পারে।

এদিকে ঘূর্ণিঝড়টি উপকূলের কাছাকাছি চলে আসায় অন্ধ্রপ্রদেশের চারটি উপকূলবর্তী জেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার কড়া সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। আইএমডি জানিয়েছে, অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লী, শ্রীকাকুলাম, বিশাখাপত্তনম এবং বিজয়নগরম জেলার বহু জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের তীব্র সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে এই জেলাগুলির ওপর দিয়ে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে, যার গতিবেগ সর্বোচ্চ ৭০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে।

উপকূলবর্তী জেলাগুলিতে ইতিমধ্যেই প্রশাসনকে সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং সাধারণ মানুষকে অপ্রয়োজনে বাড়ির বাইরে না বেরোনোর নির্দেশ দেওয়া হয়েছে। উদ্ধার ও ত্রাণের জন্য নৌবাহিনী, উপকূলরক্ষী বাহিনী এবং এনডিআরএফ প্রস্তুত রয়েছে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…