
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড়টির অবশিষ্টাংশ উত্তর ছত্তিশগড় ও সংলগ্ন ওড়িশার উপর নিম্নচাপ হিসেবে অবস্থান করছে। এরই মধ্যে দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হওয়া আরও একটি নিম্নচাপ শক্তি বাড়িয়ে ইতিমধ্যেই গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। সেটি ক্রমশ পশ্চিম-উত্তরপশ্চিম দিকে এগোচ্ছে এবং আগামী দিনে অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে পৌঁছনোর সম্ভাবনা রয়েছে। এই জোড়া আবহাওয়া ব্যবস্থার প্রভাবে পূর্ব ও দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। তবে বাংলার আবহাওয়ায় এর কতটা প্রভাব পড়বে, সেদিকেই নজর আবহবিদদের।
মৌসম ভবনের ওয়েদার বুলেটিন জানাচ্ছে, ‘অর্ণবে’র অবশিষ্টাংশ উত্তরমুখী হয়ে শক্তি হারিয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। পরে সেটি উত্তর-উত্তর পূর্ব দিকে সরে উত্তর-পূর্ব ছত্তিশগড় ও সংলগ্ন এলাকার উপরে এসে দুর্বল হয়ে যাবে। তবে শক্তি কমলেও বৃষ্টির সম্ভাবনা থাকছেই। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
অন্যদিকে, দক্ষিণ আন্দামান সাগর ও সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার বিকেলে যে নিম্নচাপটি অবস্থান করছিল, সেটি পশ্চিম-উত্তর পশ্চিম দিকে এগিয়ে শনিবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর, আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ সংলগ্ন এলাকা এবং আন্দামান সাগরের উপরে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। রবিও সোমবার এই সিস্টেমটি আরও শক্তি বৃদ্ধি করবে। তবে সেটি অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এগোনোর সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ও পূর্ব ভারতের বৃষ্টি হবে এর জেরে
কলকাতায় বৃষ্টি হবে?
নতুন সৃষ্টি হওয়া নিম্নচাপের জন্য বাতাসে জলীয় বাষ্প থাকবে। তাতেই গরম অনুভূত হবে কলকাতায়। এদিন সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে ৩১.৩ ডিগ্রি এবং ২৫.২ ডিগ্রি সেলসিয়াস।
দক্ষিণবঙ্গে নিম্নচাপের কী প্রভাব?
নতুন করে তৈরি হওয়া নিম্নচাপের তেমন কোনও প্রভাব পড়বে না বাংলায়। তবে উপকূলবর্তী কিছু জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হবে। রবিবার সপ্তাহে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গে নিম্নচাপের কী প্রভাব?
রবিবার দার্জিলিং ও জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টি হতে পারে। কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির আশঙ্কা। উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি এবং ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
