West Bengal

4 hours ago

Narendra Modi : পশ্চিমবঙ্গ দিবসেই বাংলায় মোদি, তারকেশ্বরের সভা থেকে হতে পারে একগুচ্ছ বড় ঘোষণা

Narendra Modi
Narendra Modi

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:আগামী ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে রাজ্যে বড় আকারে উদ্‌যাপনের প্রস্তুতি চলছে। সেই দিনই পশ্চিমবঙ্গ সফরে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সূত্রের খবর, হুগলির তারকেশ্বর-এ একটি জনসভা করার কথা রয়েছে তাঁর। সেই সভা থেকেই বাংলার জন্য একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প ও উন্নয়নমূলক উদ্যোগের ঘোষণা হতে পারে বলে জোর জল্পনা শুরু হয়েছে।

ব্রিগেডে পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে এসেছিলেন মোদি। তার দেড় মাসের মধ্যে আবার তিনি আসছেন। তাঁর দু’দিনের এই সফর। প্রথম দিন অর্থাৎ ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস। আর দ্বিতীয় দিন ২১ তারিখ আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে কলকাতায় যোগা কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। বিজেপির পশ্চিমবঙ্গ দিবসের কর্মসূচি নিয়ে প্রস্তুতি বৈঠকও হয়েছে দলের তরফে। ওইদিন তারকেশ্বরে রাজ্যের দায়িত্বপ্রাপ্ত দলের কেন্দ্রীয় নেতারা ছাড়াও রাজ্যের সমস্ত নেতা উপস্থিত থাকবেন। রাজ্যের সব বিধায়ক ও সাংসদদের পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে উপস্থিত থাকতে বলা হয়েছে।

২০ জুনকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত আগেই ঘোষণা করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ১৯৪৭ সালের ২০ জুন তৎকালীন প্রাদেশিক আইনসভায় বঙ্গভাগ এবং পশ্চিমাংশের ভারতভুক্তির প্রস্তাব গৃহীত হওয়ার ঐতিহাসিক দিনটিকেই পশ্চিমবঙ্গ দিবস হিসেবে মর্যাদা দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরেই এই দাবি জানিয়ে আসছিল বিজেপি, যদিও পূর্ববর্তী সরকার তা কার্যকর করেনি।এই ঐতিহাসিক প্রেক্ষাপটকে সামনে রেখেই ২০ জুন হুগলির তারকেশ্বর-এ জনসভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলে বিজেপি সূত্রের দাবি। দলের বক্তব্য, ১৯৪৭ সালের ৫ এপ্রিল তারকেশ্বর থেকেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় প্রথম পৃথক পশ্চিমবঙ্গ গঠনের ডাক দিয়েছিলেন। সেই ঐতিহাসিক যোগসূত্রের কারণেই পশ্চিমবঙ্গ দিবসের মূল অনুষ্ঠানস্থল হিসেবে বেছে নেওয়া হয়েছে তারকেশ্বরকে।

You might also like!