
জলপাইগুড়ি ও কোচবিহার, ১৯ এপ্রিল : জলপাইগুড়ি জেলার ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের সিপাইপাড়া এলাকায় পুড়ল বিজেপির বুথ অফিস। অভিযোগ, কেউ বা কারা বৃহস্পতিবার রাতে বিজেপির বুথ অফিসে আগুন লাগিয়ে দেয়। দলীয় পতাকা থেকে ব্যানার সব পুড়ে ছাই। এলাকার বুথ সভাপতি তথা বিজেপি কর্মী গৌতম রায় বলেন, “রাত ৯টার পর ঘটনা ঘটেছে। আমরা রাত পর্যন্ত সব কাজকর্ম শেষ করে বাড়ি যাই৷ তার পরই এই খবর পাই। শুক্রবার ভোরে এসে দেখি এই অবস্থা। কিন্তু আগে কোনও দিন এই ধরনের ঘটনা ঘটেনি। কাউকে দেখিনি। তাই কারও বিরুদ্ধে অভিযোগ করতে পারছি না।"
অন্যদিকে, কোচবিহারের তুফানগঞ্জে আগুনে পুড়ল তৃণমূলের দলীয় দফতর। তৃণমূলের অভিযোগ, বিজেপি আশ্রিত গুন্ডারা বৃহস্পতিবার রাতে তুফানগঞ্জ-২ ব্লকের বারোকোডালি-১ গ্রাম পঞ্চায়েতের হরিরহাট এলাকায় তাদের অস্থায়ী নির্বাচনী দলীয় দফতরে আগুন ধরিয়ে দেয়। বারোকোডালি-১ আইএনটিটিইউসি-র সভাপতি অনিল বর্মণ এই প্রসঙ্গে বলেন, “জনগণ যেহেতু বিজেপিকে প্রত্যাখ্যান করেছে, তারা এখন মানুষের অধিকারই কেড়ে নেওয়ার চেষ্টা করছে।”
