
উত্তর ২৪ পরগনা, ১৩ ফেব্রুয়ারি :- শুক্রবার ভোর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে গাইঘাটা বাজার সংলগ্ন যশোর রোডের ধারের একটি মোটরবাইক শোরুম সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আচমকাই শোরুম থেকে আগুনের লেলিহান শিখা বেরোতে দেখা যায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, আগুন লাগার কিছুক্ষণ পরই আশপাশের বাসিন্দাদের মধ্যে কেউ একজন শোরুমের মালিককে ফোন করে বিষয়টি জানান। এরপর দ্রুত থানায় খবর দেওয়া হয় এবং দমকল বাহিনীকে ডাকা হয়।ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন পৌঁছে প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে শোরুমের ভিতরে থাকা নতুন প্রায় ৪০ থেকে ৪২টি মোটরসাইকেল, সার্ভিসিংয়ের বিভিন্ন যন্ত্রপাতি, যন্ত্রাংশ ও আসবাবপত্র সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, এই অগ্নিকাণ্ডে প্রায় ৮০ থেকে ৯০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।দোকানের মালিক কাঞ্চন দাস জানান, আগুন লাগার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়, তবে বৈদ্যুতিক শর্ট সার্কিটের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। স্থানীয় বাসিন্দা বিশু দাস বলেন, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। পুলিশ ও দমকল ঘটনার তদন্ত শুরু করেছে।
