
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: রাজ্যের ৫০ লক্ষেরও বেশি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি আর্থিক সহায়তা পাঠানোর উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। আগামী ৫ নভেম্বর হুগলির পুরশুড়ায় এক অনুষ্ঠানের মাধ্যমে এই অর্থ হস্তান্তর করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উপস্থিত থাকবেন রাজ্যের কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডলও। সরকারি ঘোষণা অনুযায়ী, ‘মুখ্যমন্ত্রী কৃষক সম্মান নিধি’ প্রকল্পের আওতায় যোগ্য কৃষকেরা দু’দফায় ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন। অন্যদিকে, রাজ্য মন্ত্রিসভা ‘কৃষক বন্ধু’ প্রকল্পের নাম পরিবর্তন করে ‘মুখ্যমন্ত্রী কিষান সম্মান নিধি’ রাখার প্রস্তাবেও অনুমোদন দিয়েছে। ফলে কৃষকদের আর্থিক সহায়তা নিয়ে রাজ্যের এই নতুন উদ্যোগ ঘিরে নজর রয়েছে কৃষিমহলের।
নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “সকাল ১১টায় রাজ্যের সব জায়গা থেকে পিএম-কিষান সম্মান নিধি যাঁরা পান, ইতিমধ্যে দুটো কিস্তি পেয়েছেন প্রধানমন্ত্রীর কাছ থেকে ৬ হাজার টাকার–দুই দুই চার হাজার পেয়ে গিয়েছেন। আমরাও দুটো কিস্তির টাকা মুখ্যমন্ত্রী কৃষক সম্মান নিধিতে পিএম-কিষান সম্মান নিধি প্রাপকদের রাজ্যের সব জেলা থেকেই ওই দিন দেব। আমি নিজে পুরশুড়া, হুগলি থেকে টাকা ট্রান্সফার করব রাজ্যের ৫০ লক্ষের বেশি কৃষকের অ্যাকাউন্টে।”
পাশাপাশি যে সমস্ত দপ্তর বরাদ্দের ৭০ শতাংশ খরচ করেছে তাদেরকে আরও ২০ শতাংশ অতিরিক্ত বরাদ্দ করা হবে বলেও প্রশাসনের তরফে জানানো হয়েছে। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী এদিন বলেন, “আমরা বলেছি ৭০% ইউটিলাইজেশন যারা করেছে, তাদের প্ল্যান হেডে আরও ২০% টাকা রিলিজ করে দেওয়া হয়েছে। এটা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ প্রক্রিয়া। যারা ইউসি দিতে পারবে তাদেরকে আমরা টাকা দেব।” এদিকে আগামী ১১ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত রাজ্য জুড়ে ‘জনজাতি গৌরব দিবস’ পালন করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তাও এবার বড় করেই হবে।
