
শিমলা, ৪ এপ্রিল : পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ফের বৃষ্টি শুরু হয়েছে হিমাচল প্রদেশে। আবহাওয়া দফতর জানিয়েছে, ৬ এপ্রিল পর্যন্ত হিমাচল প্রদেশের বিভিন্ন জেলায় বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এই সময়ে সমতলে বৃষ্টি ও পাহাড়ে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় পাহাড়ি অঞ্চলে তুষারপাত হতে পারে, সম্ভাবনা রয়েছে বৃষ্টিরও। এরপর ৫ ও ৬ এপ্রিল কিছু কিছু স্থানে হালকা থেকে মাঝারি তুষারপাতের সম্ভাবনা রয়েছে।
এদিকে, প্রাকৃতিক ঝুঁকির পরিপ্রেক্ষিতে মানুষের জীবন রক্ষার এক সুনিশ্চিত পদক্ষেপ হিসেবে, লাহুল ও স্পিতি জেলা প্রশাসন মানালি-লেহ সড়কের ওপর অটল টানেলের উত্তর প্রবেশপথ (রোহতাং)-এর পার্শ্ববর্তী ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলিতে পর্যটকদের চলাচল ও বাণিজ্যিক কার্যকলাপের ওপর অবিলম্বে নিষেধাজ্ঞা আরোপ করেছে। তুষারধসের ঝুঁকি থাকার কারণেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
