
নয়াদিল্লি, ৪ এপ্রিল : পশ্চিমবঙ্গে অবাধ, শান্তিপূর্ণ ও ভয়মুক্ত ভোট নিশ্চিত করতে মুখ্যসচিব, ডিজিপি ও কলকাতার পুলিশ কমিশনার-সহ অন্যান্য আধিকারিকদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। মোট ৬ দফা নির্দেশিকা নিশ্চিত করতে বলা হয়েছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও দুই নির্বাচন কমিশনার ডঃ সুখবীর সিং সান্ধু ও ডঃ বিবেক জোশী পশ্চিমবঙ্গের মুখ্যসচিব, ডিজিপি, কলকাতার পুলিশ কমিশনারকে শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন।
এছাড়াও বিভাগীয় কমিশনার, এডিজিপি, আইজি, ডিএম, সিপি, এসএসপি এবং এসপিদেরও একই নির্দেশ দেওয়া হয়েছে। যাতে পশ্চিমবঙ্গে এবারের নির্বাচন অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ এবং নিরপেক্ষভাবে সম্পন্ন করা যায়। এই ৬ দফা নির্দেশিকা হল - প্রথমত ভোটারদের মধ্যে কোনও ভয় থাকবে না। দ্বিতীয়ত হিংসামুক্ত ভোট। তৃতীয়ত - ভীতিপ্রদর্শনমুক্ত মুক্ত, চতুর্থত - প্ররোচনামুক্ত ভোট, পঞ্চমত - বুথ জ্যামিং করা যাবে না এবং ষষ্ঠ - সোর্স জ্যামিং করা যাবে না।
উল্লেখ্য, পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটারদের সুবিধা আরও বাড়ানোর জন্য, নির্বাচন কমিশন ৪৬৬০টি সহায়ক ভোটকেন্দ্র তৈরির অনুমোদন দিয়েছে, যেখানে ভোটারের সংখ্যা ১২০০-এর বেশি। ভোটারদের সুবিধার জন্য নির্বাচন কমিশন ৩২১টি ভোটকেন্দ্র স্থানান্তরেরও অনুমোদন দিয়েছে। সহায়ক ভোটকেন্দ্রগুলি সহ, এখন পশ্চিমবঙ্গে মোট ৮৫,৩৭৯টি ভোটকেন্দ্র রয়েছে।
