
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: গণেশ চতুর্থীর উৎসব মোদক ছাড়া যেন ভাবাই যায় না। প্রচলিত বিশ্বাস, প্রিয় এই মিষ্টি নিবেদনেই তুষ্ট হন গণপতি। নারকেল ও গুড়ের চেনা স্বাদ থেকে শুরু করে চকোলেট কিংবা ড্রাই ফ্রুটসের আধুনিক মোদক, উৎসবের দিনে বাড়িতেই তৈরি করে নিতে পারেন নানা ধরনের পদ। এবার জেনে নিন সহজে বানানো যায় এমন তিনটি সুস্বাদু মোদকের রেসিপি।
∆ ড্রাই ফ্রুটস ও খেজুরের মোদক:
উপকরণ:
বীজ ছাড়া খেজুর – ১ কাপ (কুচানো)
বাজারচলতি বড় মিষ্টি ডুমুর/ফিগ – অর্ধেক কাপ (কুচানো)
আমন্ড – অর্ধেক কাপ
আখরোট – অর্ধেক কাপ
পেস্তা – অর্ধেক কাপ
ঘি – ১ চা-চামচ
এলাচ গুঁড়ো – অর্ধেক চা-চামচ
প্রণালী: প্রথমে খেজুর ও ডুমুর ভালো করে কুচিয়ে নিন, অথবা মিক্সারে দিয়ে পিষে নিন। বাদামগুলি শুকনো খোলায় হালকা ভেজে নিন। তারপর হামানদিস্তায় ভেঙে রাখুন। খুব মিহি করবেন না।
এবার কড়াইয়ে ঘি গরম করে খেজুর ও ডুমুরের মিশ্রণটি দিয়ে নরম হওয়া পর্যন্ত নাড়তে থাকুন। ভাঙা বাদাম ও এলাচ গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নিন।
মোদকের ছাঁচে সামান্য ঘি মাখিয়ে এই মিশ্রণটি ভরে ভালোভাবে চেপে দিন। ছাঁচ খুলে বের করলেই তৈরি ড্রাই ফ্রুটস ও খেজুরের মোদক।
∆ নারকেল-গুড়ের ভাপা মোদক:
উপকরণ:
চালের গুঁড়ো – ১ কাপ
জল – ১ কাপ
ঘি – ১ চা-চামচ
নুন – এক চিমটি
কোরানো নারকেল – ১ কাপ
গুড় – অর্ধেক কাপ
এলাচ গুঁড়ো – অর্ধেক চা-চামচ
পোস্ত – ১ টেবিলচামচ (ঐচ্ছিক)
প্রণালী: পাত্রে জল, ঘি ও এক চিমটি নুন ফুটতে দিন। এবার ধীরে ধীরে চালের গুঁড়ো দিয়ে দ্রুত হাতে নাড়তে থাকুন। ডেলা না পাকিয়ে যায় যেন, লক্ষ রাখতে হবে সেদিকে। কিছুক্ষণ ঢেকে ফোটানোর পর নামিয়ে নিন। একেবারে ঠান্ডা হয়ে যেতে দেবেন না, অল্প গরম থাকতেই চটকে মেখে নরম মণ্ড তৈরি করুন।
পুর তৈরির জন্য কড়াইয়ে গুড় গলিয়ে তাতে কোরানো নারকেল, পোস্ত ও এলাচ গুঁড়ো দিন। মিশ্রণটি সামান্য আঠালো হয়ে এলে আঁচ বন্ধ করে দিন।
চালের মণ্ড থেকে ছোট ছোট লেচি কেটে হাতের মধ্যে কাপের আকার দিন। তার মধ্যে নারকেল-গুড়ের পুর ভরে প্রান্তগুলি ভাঁজ করে মোদকের আকার দিন। এবার প্রায় ১০ মিনিট ভাপে সেদ্ধ করুন। মোদকের ছাঁচও ব্যবহার করতে পারেন এই কাজে।
∆ চকোলেট মোদক:
উপকরণ:
ডার্ক বা মিল্ক চকোলেট – ২০০ গ্রাম
ম্যারি বিস্কুট – ১ কাপ
শুকনো খোলায় ভাজা বাদাম (কাজু, আমন্ড, পেস্তা) – অর্ধেক কাপ
কনডেন্সড মিল্ক – ২ টেবিলচামচ
প্রণালী: চকোলেট গলিয়ে নিন। তার মধ্যে গুঁড়ো করা বিস্কুট, ভাজা বাদাম ও কনডেন্সড মিল্ক মিশিয়ে নিন।
মোদকের ছাঁচে সামান্য ঘি মাখিয়ে চকোলেটের মিশ্রণটি ভরে ভালোভাবে চেপে দিন। ছাঁচ থেকে বের করে মোদকগুলি প্রায় এক ঘণ্টা ফ্রিজে রেখে দিন, যাতে ভালোভাবে সেট হয়ে যায়।
অসামান্য মোদকের স্বাদে গৃহস্থের গণেশ চতুর্থী হয়ে উঠুক উৎসবমুখর।
