
কোচবিহার, ১৮ মে : দিনহাটা পুরসভার বিল্ডিং প্ল্যান পাশ জালিয়াতি কাণ্ডে গ্রেফতার হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহর ঘনিষ্ঠ দিনহাটা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান গৌরীশংকর মাহেশ্বরী। রবিবার রাতেই তাঁকে গ্রেফতার করে পুলিশ। ঠিক তার আগেই উদয়নঘনিষ্ঠ দিনহাটা পুরসভার কর্মী মৌমিতা ভট্টাচার্যকে গ্রেফতার করেছিল পুলিশ। রবিবার মৌমিতাকে তিনদিনের পুলিশ হেফাজত হয়। দিনহাটা পুরসভার প্রাক্তন চেয়ারম্যানের খোঁজেও চলছিল পুলিশি তল্লাশি। রবিবার রাতে নিজেই আত্মসমর্পণ করেন গৌরীশংকর মাহেশ্বরী। তারপরই তাঁকে গ্রেফতার করা হয়।
রাজ্যে রাজনৈতিক পালাবদল হতেই মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ, ‘কোনও অপকর্ম বরদাস্ত নয়’। দীর্ঘ ১৫ বছরের তৃণমূল সরকারের আমলে লাগামহীন দুর্নীতির তদন্তের ইঙ্গিতের পর থেকেই জেলায় জেলায় পুলিশের সক্রিয়তা চলছে। তৃণমূলের শাসনকালে যাঁরা যাঁরা দুর্নীতির ডালপালা বিছিয়েছিল, এবার একে একে সেই মাথারা পুলিশের জালে উঠতে শুরু করেছেন।
