
কলকাতা, ১৮ মে : ভ্যাপসা গরম থেকে এখনই নিস্তার নেই দক্ষিণবঙ্গে। ঝোড়ো হাওয়া সাময়িক স্বস্তি দিতে পারে দুই-এক দিন। তবে, অস্বস্তি কমবে না। বিক্ষিপ্ত ভাবে কয়েক জায়গায় হালকা বৃষ্টি হলেও তাতে গরম কমার কোনও সম্ভাবনা নেই। তাপমাত্রাতেও বিশেষ কোনও হেরফর হবে না আগামী কয়েক দিন। পারদ ঊর্ধ্বমুখী মহানগরী কলকাতায়। সোমবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.৩ ডিগ্রি বেশি।
অন্য দিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রায় গোটা সপ্তাহই অল্পবিস্তর ঝড়়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোনও কোনও দিন ভারী বৃষ্টিরও পূর্বভাস রয়েছে। আগামী কয়েক দিন গোটা উত্তরবঙ্গেই দমকা হাওয়া বইতে পারে। আগামী বৃহস্পতি, শুক্র এবং শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোনও কোনও জেলায়। বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। শুক্রবার একেবারে উত্তরের পাঁচ জেলা— দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। শনিবার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে।
