
কলকাতা, ১১ মে : গেরুয়া ঝড়ে পশ্চিমবঙ্গে এবার সরকার গঠন করেছে বিজেপি। শোচনীয় ফল হয়েছে তৃণমূল কংগ্রেসের। পরাজয়ের পর থেকেই দলের বিরুদ্ধে মুখ খুলছেন তৃণমূল কংগ্রেসের অনেকেই। এমতাবস্থায় সোমবার মন্ত্রী দিলীপ ঘোষ কটাক্ষ করে বলেছেন, তৃণমূল কংগ্রেস দলটাই এবার পুরোপুরি বদলে যাবে। সোমবার সকালে মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, "পুরো দলটাই বদলে যাবে। তাঁদের যুব নেতা ও মুখপাত্ররা এমন বিবৃতি দিচ্ছেন। তাঁরা তৃণমূলের বিরুদ্ধে কথা বলছেন। এটা তাঁদের সমস্যা, আমাদের নয়।"
পশ্চিম এশিয়া সংঘাতের আবহে দেশবাসীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কয়েকটি আবেদন প্রসঙ্গে দিলীপ বলেন, "প্রায় ৩ বছর ধরে বিশ্বের কোথাও না কোথাও যুদ্ধ চলছে। গ্যাসের দাম বেড়েছে, কারণ এটি আমদানি করা হয়। আমরা ৪০টি দেশ থেকে ডিজেল আমদানি করি, এবং তার দাম কখনও বাড়েনি। কিন্তু একটি দীর্ঘমেয়াদী প্রভাব পড়তেই পারে।" তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে বিজয়ের শপথ গ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, "এটা ভালো যে রাহুল গান্ধী সেখানে খুব বেশি যাননি, নইলে তিনি (বিজয়) হেরে যেতেন। জনগণ তাঁকে জিতিয়েছে; আমরা তাঁকে স্বাগত জানাই।"
