
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বঙ্গে ভোট প্রক্রিয়া মিটতেই নয়া বিধানসভা গঠনের প্রস্তুতি। ২৯৩টি বিধানসভার গেজেট নোটিফিকেশন রাজ্যপাল আরএন রবিকে দিয়ে এলেন মুখ্য নির্বাচনী কমিশনার মনোজ আগরওয়াল এবং কমিশনের আধিকারিকরা। আজ, বুধবার লোকভবনে (আগে-রাজভবন) যান তাঁরা। সেখানেই রাজ্যপালের রবির সঙ্গে সাক্ষাৎ করে ২৯৩টি বিধানসভা আসনের ভোটের ফলাফলের তথ্য তুলে দেওয়া হয়। শুধু তাই নয়, ভোট পরবর্তী পরিস্থিতি নিয়েও রাজ্যপালকে বিস্তারিত তথ্য মনোজ আগরওয়াল জানিয়েছেন বলে খবর।
গত সোমবার রাজ্যে ভোটের ফলাফল প্রকাশ হয়েছে। ২০০টিরও বেশি আসন নিয়ে বাংলার মসনদে বিজেপি। এরপরেই বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর সামনে আসছে। কোথাও তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুর চালানো হচ্ছে, কোথাও আবার তৃণমূল নেতাকর্মীদের উপর আক্রমণের ঘটনা ঘটছে। এখনও পর্যন্ত নতুন রাজ্যের নিয়ন্ত্রণ রয়েছে কমিশনের হাতেও। এই অবস্থায় রাজ্যপালের সঙ্গে মনোজ আগরওয়ালের সাক্ষাৎ খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। অন্যদিকে নির্বাচনের পর যে দল কিংবা জোট সংখ্যাগরিষ্ঠতা পায়, সেই দল কিংবা জোটের নেতাকে শপথের জন্য আমন্ত্রণ জানান রাজ্যপাল। মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়। ফলে সেই নিয়ম মেনেই এবার বিজেপির নেতাকে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার জন্য আমন্ত্রণ জানাবেন রাজ্যপাল।
এদিকে এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় সাফ বলে দিচ্ছেন, “আমরা তো হারিনি। তাহলে আমি কেন ইস্তফা দেব।” এখন প্রশ্ন হল, মমতা যদি ইস্তফা দিতে না চান, তাহলে রাজ্যের প্রশাসন কোন পথে এগোবে। নতুন সরকার গঠনই বা হবে কীভাবে? এমনিতে রাজ্য বিধানসভার মেয়াদ ৭ মে পর্যন্ত। তাই নিয়ম অনুযায়ী, ৭ মের পর মুখ্যমন্ত্রী পদে থাকার কথা নয় মমতার। এখন যদি তিনি ইস্তফা দিতে না চান, তাহলে তাঁর বিরুদ্ধে একাধিক পদক্ষেপ করতে পারেন রাজ্যপাল। বলে রাখা প্রয়োজন, ভোটের আগেই বাংলায় রাজ্যপালের দায়িত্ব নেন আর এন রবি।
