
নয়াদিল্লি , ৭ এপ্রিল : ভারতীয় সিনিয়র মহিলা হকি দল আগামী ১৩ থেকে ১৭ এপ্রিল বুয়েনস আইরেসের সিনার্ড-এ চার ম্যাচের একটি সিরিজ আর্জেন্টিনার সঙ্গে খেলবে। সাম্প্রতিক বছরগুলোতে ভারত ও আর্জেন্টিনার মধ্যে প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ হয়েছে , যার মধ্যে গত জুন মাসে অনুষ্ঠিত এফআইএইচ প্রো লিগে শুটআউটে একটি রোমাঞ্চকর ম্যাচ রয়েছে,যেটি ২-২ ড্র হয়েছে।
এই আসন্ন সফরটি মানসম্পন্ন আন্তর্জাতিক প্রতিপক্ষের বিরুদ্ধে মূল্যবান ম্যাচ অনুশীলনের সুযোগ করে দেবে। এটি চলতি বছরের শেষের দিকে বেলজিয়াম ও নেদারল্যান্ডসে অনুষ্ঠিতব্য এফআইএইচ হকি বিশ্বকাপ এবং এশিয়ান গেমসের আগে জাতীয় দলকে গতি সঞ্চার করতে সাহায্য করবে।
“আমরা ২৪ জন খেলোয়াড়ের একটি দল নিয়ে আর্জেন্টিনা সফরে যাচ্ছি। এই সফরের উদ্দেশ্য হল আরও বেশি খেলোয়াড়কে সর্বোচ্চ পর্যায়ে পারফর্ম করার সুযোগ দেওয়া। আর্জেন্টিনা বিশ্বের অন্যতম সেরা দল, এবং সেই পরিবেশ আমাদের প্রত্যেক খেলোয়াড়ের অবস্থান সম্পর্কে অনেক কিছু বলে দেবে। আমরা দেখতে চাই , গুরুত্বপূর্ণ মুহূর্তে কে জ্বলে ওঠে,” বলেছেন প্রধান কোচ শোয়ের্ড মারাইনে।
