Entertainment

4 hours ago

Viral Controversy: জ্যান্ত মাছের ককটেল বিতর্কে তোপের মুখে সঞ্জয় দত্ত-এর রেস্তরাঁ, সমালোচনার ঝড় নেটদুনিয়ায়

Sanjay Dutt's Mumbai Restaurant 'Alta Stella' In Trouble Over A Cocktail With 'Live Fish'
Sanjay Dutt's Mumbai Restaurant 'Alta Stella' In Trouble Over A Cocktail With 'Live Fish'

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: সদ্য মুক্তিপ্রাপ্ত ‘টাটিরি’ গানকে ঘিরে বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের সমালোচনার কেন্দ্রবিন্দুতে বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। এই গানে বাদশা-এর চটুল লিরিক্স এবং নোরা ফতেহির অশ্লীল শরীরী বিভঙ্গ নিয়েও দেশজুড়ে ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছিল। সেই আবহেই এবার নতুন করে বিতর্কের আগুনে ঘি পড়ল অভিনেতার ব্যবসায়িক উদ্যোগকে ঘিরে। মুম্বইয়ের আন্ধেরিতে সদ্য চালু হওয়া বিলাসবহুল রেস্তরাঁ  ‘আল্টা স্টেলা’-তে পরিবেশিত একটি ককটেল ঘিরে সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা শুরু হয়েছে। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, কাঁচের গ্লাসে জ্যান্ত মাছ রেখে সেই পানীয় পরিবেশন করা হচ্ছে। শুধু তাই নয়, ওই গ্লাসেই আগুন জ্বালানোর দৃশ্যও ধরা পড়েছে। 


এই ঘটনার জেরে নেটমাধ্যমে ক্ষোভের বিস্ফোরণ ঘটে। অনেকেই একে প্রাণীর প্রতি নিষ্ঠুরতা বলে অভিহিত করেছেন। ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়া ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে— ‘এটা কোনও থিম নয়, নিষ্ঠুরতা। সৃজনশীলতার লেশমাত্র নেই। ইনস্টাগ্রামযোগ্য করে তোলার নেপথ্যে এক নিষ্ঠুর পদক্ষেপ। একটি প্রাণকে কাঁচের পাত্রে আটকে রাখা হয়েছে! বিনোদনের জন্য অত্যন্ত নিষ্ঠুর মনোভাব’। সৃজনশীলতার নামে জীবন্ত প্রাণীর প্রতি এমন আচরণ কতটা গ্রহণযোগ্য তা নিয়েও উঠেছে প্রশ্ন।

নেটিজেনদের একাংশের মতে, ‘ব্যবসা বাড়াতে সস্তা কৌশল। আপনারা মাছের ট্যাংকে ঢুকে সাঁতার কাটুন। দেখবেন মানুষ আরও বেশি টাকা দেবে।’ অপর এক নেটিজেন ক্ষোভ উগরে দিয়ে লিখেছেন, ‘এটা অসুস্থ মানসিকতার লক্ষ্মণ, এখনই বন্ধ হওয়া উচিত।’ রেস্তোরাঁর এহেন পদক্ষেপকে ধিক্কার জানিয়ে এক ব্যক্তি সুর চড়িয়ে লিখেছেন, ‘এখন আপনারা সাজসজ্জার জন্য নিরীহ প্রাণীর কষ্ট বাড়াচ্ছেন?’ বিতর্ক চরমে পৌঁছতেই রেস্তরাঁ কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেয়। আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, সংশ্লিষ্ট ককটেলটি ইতিমধ্যেই মেনু থেকে সরিয়ে ফেলা হয়েছে। উদ্বোধনের সময় রেস্তরাঁটির থিম ও নান্দনিকতা প্রশংসিত হলেও, এই ঘটনার পর সেই ইতিবাচক ভাবমূর্তি বড়সড় ধাক্কা খেয়েছে। সৃজনশীলতার সীমা কোথায় শেষ হয় এবং নিষ্ঠুরতা কোথা থেকে শুরু— সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে জনমনে। 


You might also like!