
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: টলিপাড়ায় দুঃসংবাদের আবহ কাটতে না কাটতেই ফের চাঞ্চল্যকর ঘটনা। সম্প্রতি রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুর শোক এখনও তাজা, তার মধ্যেই নিখোঁজ হলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায়। বৃহস্পতিবার দুপুরের পর থেকে তাঁর কোনও সন্ধান মিলছে না বলে জানিয়েছেন তাঁর স্ত্রী মৌপিয়া বন্দ্যোপাধ্যায়।
পরিবার সূত্রে খবর, বৃহস্পতিবার দুপুরে নিমতার-র একটি ব্যাঙ্কে গিয়েছিলেন উৎসব। দুপুর ২টা ২২ মিনিট নাগাদ স্ত্রীর সঙ্গে তাঁর শেষ কথা হয়। এরপর থেকেই তাঁর ফোন বন্ধ হয়ে যায়। বিকেল গড়িয়ে রাত হলেও তাঁর কোনও খোঁজ মেলেনি, যা নিয়ে উদ্বেগে পরিবার। স্ত্রী মৌপিয়ার দাবি, “সাইবার ক্রাইম সংক্রান্ত সমস্যা অনেক দিন ধরেই চলছিল। বিয়ের পরে আমি তৎপরতার সঙ্গে আইনজীবীর সঙ্গে কথা বলি। পুলিশে জানাই। এই বিষয়টা নিয়ে ও চিন্তায় ছিল। কিন্তু, তা নিয়ে খুব যে বেশি আলোচনা হয়েছে, তা নয়। আজ ব্যাঙ্কে একটা কাজে গিয়েছিল। ওটিপি আসবে বলে, ওর ফোনটা ছিল আমার কাছে। ও নিয়ে গিয়েছিল অন্য একটা ফোন।” এদিকে, ইতিমধ্যেই আনন্দপুর থানায় নিখোঁজ ডায়েরি দায়ের করা হয়েছে। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, পরিচালকের ফোনের শেষ লোকেশন পাওয়া গেছে উল্টোডাঙা স্টেশনের কাছে। তারপরই সেটি সুইচ অফ হয়ে যায়।
পরিবারের অনুমান, যানজট এড়াতে সম্ভবত ট্রেনে করে ফিরছিলেন তিনি। তবে তাঁর হদিশ না মেলায় ক্রমেই বাড়ছে উদ্বেগ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দ্রুত খোঁজ না মিললে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করা হবে। এই ঘটনাকে ঘিরে টলিপাড়ায় ফের আতঙ্কের ছায়া নেমে এসেছে। পরিচালক কোথায়, কী অবস্থায়— সেই প্রশ্নেই এখন উৎকণ্ঠায় পরিবার ও সহকর্মীরা।
