
বোগোটা, ২৪ মার্চ : কলম্বিয়ায় সামরিক বিমান ভেঙে পড়ায় মৃত্যু হয়েছে ৩৪ জনের। মৃতদের মধ্যে অধিকাংশই সেনা জওয়ান। ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৭০ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খোঁজ পাওয়া যায়নি ২১ জনের। সোমবার কলম্বিয়ার দক্ষিণাঞ্চলীয় আমাজন অঞ্চলের গভীরে উড়ানের কিছুক্ষণের মধ্যেই ১২৫ জন যাত্রী-সহ বিমানটি ভেঙে পড়ে।
বিমান দুর্ঘটনায় ৩৪ জন মারা গিয়েছেন এবং ৭০ জন আহত হয়েছেন, এছাড়াও ২১ জনের খোঁজ মেলেনি। পুতুমায়ো বিভাগের গভর্নর জন গ্যাব্রিয়েল মলিনা বলেন, পুয়ের্তো লেগুইজামো এলাকা থেকে ওই বিমানে সেনাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। তখনই পেরু সীমান্তের নিকটবর্তী ওই অঞ্চলে তা ভেঙে পড়ে।
এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট। এই দুর্ঘটনার জন্য কলম্বিয়ার সামরিক বাহিনীর আধুনিকীকরণে দীর্ঘদিনের বিলম্বকে দায়ী করেছেন তিনি। এই ধরনের আর কোনও বিলম্ব তিনি বরদাস্ত করা হবে না বলেও জানিয়েছেন তিনি। কলম্বিয়ার জেনারেল ফার্নান্দো সিলভা জানিয়েছেন, বিধ্বস্ত হওয়া সি-১৩০ বিমানটিতে ১১৪ জন যাত্রী এবং ১১ জন ক্রু ছিলেন।
