Entertainment

1 hour ago

Journey To Stardom: প্লে-স্কুলের ক্লাসরুম থেকে বলিউডের স্পটলাইটে—কিয়ারা আডবানির জীবনের চমকপ্রদ অধ্যায়

Kiara Advani
Kiara Advani

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বলিউডে নিজের অভিনয় দক্ষতায় বিশেষ জায়গা করে নেওয়া—কিয়ারা আডবানির জীবনের শুরুর গল্প অনেকের কাছেই অজানা। আজকের সফল অভিনেত্রী হওয়ার আগে তিনি যে একসময় প্লে-স্কুলে পড়াতেন, সেই তথ্যই সম্প্রতি নতুন করে সামনে এসেছে। এক সাক্ষাৎকারে কিয়ারা আডবানি জানান, অভিনয়ে পা রাখার আগে তিনি তাঁর মায়ের পরিচালিত প্লে-স্কুলে শিক্ষকতা করতেন। পরিবার চেয়েছিল তিনি প্রথমে নিজের পড়াশোনা শেষ করুন এবং অভিনয়ে সুযোগ না পাওয়া পর্যন্ত নিয়মিত জীবনযাপন বজায় রাখুন। সেই কারণেই শিক্ষকতার পেশা বেছে নিয়েছিলেন তিনি। 

গ্লেজিয়া ইন্ডিয়ার সঙ্গে এক কথোপকথনে কিয়ারা বলেছেন যে তাঁর মধ্যে অভিনয়ের পোকা ছোটবেলা থেকেই ছিল। যখন তিনি স্কুলে পড়াতেন, তখন তিনি ক্লাসরুমকেই নিজের ছোট্ট মঞ্চ বানিয়ে নিতেন। কিয়ারা বলেন, 'ওই ছোট্ট বাচ্চারা ছিল আমার প্রথম দর্শক। ওরা খুব মিষ্টি ছিল, কারণ আমি কিছু করলেই ওদের মুখে একটা বড় হাসি ফুটে উঠত।' কিয়ারা যখন 'ফাগলি' সিনেমা দিয়ে বলিউডে অভিষেক করেন, তখন তা বিশেষ সফল হয়নি। কিয়ারা বলেন যে হারই সবচেয়ে বড় শিক্ষক। সেই অভিজ্ঞতা তাঁকে আরও শক্তিশালী করেছে এবং এগিয়ে যাওয়ার সাহস জুগিয়েছে। 


কাজের ক্ষেত্রে বর্তমানে তিনি বেশ ব্যস্ত। সম্প্রতি সুপারস্টার হৃতিক রোশনের সঙ্গে 'ওয়ার ২' সিনেমায় অভিনয় করেছেন, যা নিয়ে দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। পাশাপাশি, শোনা যাচ্ছে ম্যাডকের হরর-কমেডি ইউনিভার্সের ‘শক্তি শালিনী’ ছবিতেও তাঁকে দেখা যেতে পারে, যদিও এখনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। এছাড়া, তাঁর পরবর্তী নিশ্চিত প্রজেক্ট  'টক্সিক: এ ফেইরিটেল ফর গ্রোন আপস'-এ দক্ষিণী সুপারস্টার যশের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন তিনি। ২০২৬ সালের ৪ জুন মুক্তির অপেক্ষায় থাকা এই ছবিটি মা হওয়ার পর কিয়ারার প্রথম রিলিজ হতে চলেছে, যা নিয়ে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে তুমুল কৌতূহল তৈরি হয়েছে।  


You might also like!