
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: প্রত্যাশার গণ্ডি ছাপিয়ে নজির গড়লেন ভারতের প্যারা ক্রীড়াবিদেরা। প্রতিযোগিতার ইতিহাসে নিজেদের সেরা পারফরম্যান্স তুলে ধরে অভিযান শেষ করল ভারতীয় দল। ঝুলিতে এল ৩০টি সোনা-সহ মোট ১১৪টি পদক। গতবারের তুলনায় এবার ছ’টি পদক বেশি জিতেছেন ভারতীয় ক্রীড়াবিদেরা। শুধু পদক জয়ের নিরিখেই নয়, শুক্রবার তিনটি বিশ্বরেকর্ড গড়েও প্রতিযোগিতায় নিজেদের সাফল্যের ছাপ রেখে গেলেন তাঁরা।
এ বার মোট ১৬৮ জন ক্রীড়াবিদকে পাঠিয়েছিল ভারত। তিন বছর আগে হ্যাংঝৌ গেমসের অর্ধেক। তার পরেও ব্যাডমিন্টন, তিরন্দাজিতে পদকের বন্যা দেখা গিয়েছে। ভারতীয়েরা জিতেছেন ৩০টি সোনা, ৩৫টি রুপো এবং ৪৯টি ব্রোঞ্জ। এই মুহূর্তে ভারত চতুর্থ স্থানে থাকলেও এক ধাপ নীচে নামতে পারে। কারণ শনিবার বেশ কিছু ইভেন্টের ফাইনাল রয়েছে। ভারতকে টপকে যেতে পারে দক্ষিণ কোরিয়া (৯৭)। শেষ দিনে ভারত ন’টি সোনা জিতেছে, যা চলতি প্যারা এশিয়াডে এক দিনে সর্বোচ্চ। তিরন্দাজি, শুটিং, ব্যাডমিন্টন এবং অ্যাথলেটিক্স থেকে সবচেয়ে বেশি পদক এসেছে। অ্যাথলেটিক্স থেকে ৬৫টি পদক এসেছে।
শুক্রবার নজর কেড়েছেন ব্যাডমিন্টন খেলোয়াড়েরা। তিনটি সোনা জিতেছেন তাঁরা। প্যারিস প্যারালিম্পিক্সে সোনাজয়ী নিতেশ কুমার এবং নবীন শিবকুমার সোনা পেয়েছেন। নিতেশ ছেলেদের সিঙ্গলসের এসএল৩ বিভাগে এবং মিক্সড ডাবলসে রুপো জিতেছেন। নবীন সোনা জিতেছেন এসএল৪ বিভাগে। নিতেশ ফাইনালে হারিয়েছেন ভারতেরই প্রমোদ ভগতকে, যিনি টোকিয়ো প্যারালিম্পিক্সে সোনা জিতেছিলেন। নবীন হারিয়েছেন ইন্দোনেশিয়ার ফ্রেডি সেতিয়াওয়ানকে। ভারতের তুলসীমতি মুরুগেশন মিক্সড ডাবলসে রুপো ছাড়াও মহিলাদের ডাবলসে সোনা জিতেছেন।
অ্যাথলেটিক্সে বিশ্বরেকর্ড গড়ে পুরুষদের ৪০০ মিটার টি৬৪ বিভাগে সোনা জিতেছেন সন্দীপ। হানে বিশ্বরেকর্ড গড়ে সোনা জিতেছেন জ্যাভলিনের এফ৩৭/৩৮ বিভাগে। বিশ্বচ্যাম্পিয়ন সুমিত আন্টিল ৭২.৬৪ মিটার জ্যাভলিন ছুড়ে সোনা জিতেছেন এফ৪২-৪৪/৬১-৬৪ বিভাগে। ভারতের মহেন্দ্র গুর্জর এবং সঞ্জয় সন্দীপ সরগর যথাক্রমে রুপো এবং ব্রোঞ্জ জিতেছেন। প্রণব সুরমা ক্লাব থ্রো বিভাগে ৩২.৮৭ ছুড়ে সোনা জিতেছেন। মহিলাদের লং জাম্প এবং ১৫০০ মিটার টি৪৬ ইভেন্টে রুপো পেয়েছেন যথাক্রমে নিমিষা চাক্কুগালপারাম্বিল এবং প্রমোদ বিজারনিয়া।
