Breaking News

 

Entertainment

9 hours ago

Grammy Winner Speaks: অনুরাগীর আচরণে অস্বস্তিতে অনুষ্কা শঙ্কর, পুরনো আতঙ্কের স্মৃতি ভাগ করলেন শিল্পী

Acclaimed sitar player and composer Anoushka Shankar
Acclaimed sitar player and composer Anoushka Shankar

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বিশ্বজোড়া খ্যাতি, একাধিক আন্তর্জাতিক মঞ্চে সম্মান— তবুও ব্যক্তিগত নিরাপত্তাহীনতার অভিজ্ঞতা থেকে মুক্ত নন গ্র্যামি জয়ী সেতারশিল্পী অনুষ্কাশঙ্কর। সম্প্রতি এক অনুরাগীর আচরণ তাঁকে ফের মনে করিয়ে দিল অতীতের কিছু অস্বস্তিকর স্মৃতি। সমাজমাধ্যমে দীর্ঘ পোস্ট করে সেই অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন শিল্পী। এক দীর্ঘ বিবৃতিতে অনুষ্কার দাবি,  ‘‘গত সপ্তাহে এক ব্যক্তি আমাকে হঠাৎ কোলে তুলে নিয়েছিলেন। তিনি জিজ্ঞাসা করেছিলেন, কিন্তু আমার উত্তর শোনার আগেই তিনি আমাকে কোলে তোলেন। অনুষ্ঠানশেষে কয়েক জন ভক্তের সঙ্গে দেখা করছিলাম। সব কিছু এত দ্রুত ঘটেছিল যে, আমি শুধু অস্বস্তির হাসি হেসে আমাকে নামাতে বলি। তার পর তাঁকে হাসিমুখে অটোগ্রাফও দিই এবং বিদায় জানাই।’’

ঘটনার পর অনুষ্কা জানান,  ‘‘আসলে আমার মনে হয়েছিল ওঁর কোনও খারাপ উদ্দেশ্য ছিল না। হয়তো তিনি অতিরিক্ত উত্তেজিত হয়েই এমন কাজ করেছিলেন। এখনও আমার তা-ই মনে হয়। কিন্তু আমি অবাক হয়েছিলাম, উপস্থিত অন্যরা এটা দেখে স্তম্ভিত হয়ে গিয়েছিলেন।’’ এই ঘটনার পরই নিজের অতীতের কিছু কঠিন অভিজ্ঞতার কথা মনে পড়ে যায় শিল্পীর। অনুষ্কার কথায়, ‘‘কেউ যখন একটা নির্দিষ্ট ব্যক্তিগত সীমা অতিক্রম করে, তখন আমি থতমত খেয়ে যাই। সেই মুহূর্তে ঠিক ভাবে প্রতিক্রিয়া জানাতে পারি না। এটা অতীতের আতঙ্কের জন্যই হয়।’’


পোস্টে শৈশবের কিছু স্মৃতির কথাও উল্লেখ করেছেন তিনি। শিল্পীর বক্তব্য, ‘‘অতীতের ক্ষত ভোলার পথে অনেক দূর এগিয়েছি। তবুও কিছু মুহূর্ত আবার মনে করিয়ে দেয়। বুঝতে পারি, ভিতরে এখনও কিছু পুরনো ক্ষত রয়ে গিয়েছে। শৈশবের স্মৃতির আরও একটি স্তর যেন সামনে এসে ধরা দেয়। আমি এটা শুধু বলতে চাই, যদি আপনার মধ্যেও এমন অভিজ্ঞতা থেকে থাকে, তা হলে নিজের প্রতি একটু কোমল হোন।’’ শিল্পীর এই খোলামেলা স্বীকারোক্তির পর সমাজমাধ্যমে বহু অনুরাগী তাঁর পাশে দাঁড়িয়েছেন। অনেকেই ব্যক্তিগত পরিসর ও সম্মতির গুরুত্ব নিয়ে নতুন করে আলোচনা শুরু করেছেন। অনেকে আবার মনে করিয়ে দিয়েছেন, জনপ্রিয় ব্যক্তিত্ব হলেও তাঁদের ব্যক্তিগত সীমারেখাকে সম্মান করা প্রত্যেকের দায়িত্ব।


You might also like!