
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: অন্নপূর্ণা ভাণ্ডার চালু না হওয়া পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পই চলবে বলে জানানো হয়েছে। বুধবার থেকেই অন্নপূর্ণা ভাণ্ডার সংক্রান্ত প্রক্রিয়া শুরু হচ্ছে। নবান্ন থেকে মুখ্যমন্ত্রী নিজে ফর্ম প্রকাশ করবেন, যা একই দিন থেকে অনলাইন ও অফলাইনে পাওয়া যাবে। ফর্ম দ্রুত জমা দিলে অন্নপূর্ণা যোজনার সুবিধা দ্রুত মিলবে বলেও জানানো হয়েছে। আবেদন প্রক্রিয়ায় বিধায়করা উপভোক্তাদের পাশে থাকবেন। পাশাপাশি বিডিওদের নেতৃত্বে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম পূরণে সহায়তা করবে প্রশাসন। কল্যাণীর প্রশাসনিক বৈঠকের পর এই ঘোষণা করেন রাজ্যের নব নির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
মঙ্গলবার কল্যাণীর প্রশাসনিক বৈঠকে বেশ কয়েকটি নীতিগত সিদ্ধান্ত নেওয়ার কথা জানান মুখ্যমন্ত্রী। তার মধ্যেই উল্লেখযোগ্যভাবে অন্নপূর্ণা ভণ্ডারের প্রক্রিয়া বিষয়টি তুলে ধরেন তিনি। শুভেন্দু অধিকারী বলেন, “লক্ষ্মীর ভাণ্ডার থেকে অন্নপূর্ণা যোজনায় পরিবর্তিত হবে। আগামিকাল মন্ত্রী অগ্নিমিত্রাকে সঙ্গে নিয়ে নবান্ন থেকে ফর্ম পাবলিশ করব। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিবের উপস্থিতিতেই এই ফর্ম প্রকাশ করা হবে। কালই বিস্তারিত জানাব।” পাশাপাশি তিনি জানান, “কাল থেকেই শুরু অন্নপূর্ণা যোজনার প্রক্রিয়া। যত তাড়াতাড়ি উপভোক্তারা নাম নথিভুক্ত করবেন, তত তাড়াতাড়ি মিলবে সুবিধা। যেমন যেমন ফর্ম ফিলআপ হবে, তেমনভাবেই ৩০০০ টাকা করে অ্যাকাউন্টে ঢুকবে। যতদিন না অন্নপূর্ণার টাকা পাচ্ছেন, ততদিন লক্ষ্মীর ভাণ্ডার চলবে।”
বুধবার নবান্ন থেকে তো ফর্ম প্রকাশ করবেন মুখ্যমন্ত্রী। কিন্তু মহিলারা কীভাবে সেই ফর্মপূরণ করবেন? সে সম্পর্কেও সম্যক ধারনা দেন মুখ্যমন্ত্রী নিজেই। তিনি জানান, “ফর্মের কপি মিলবে অনলাইন ও অফলাইন দুটি মাধ্যমেই।” পাশাপাশি তিনি এও জানান, “পাবলিকের উপর পুরো বিষয়টি ছেড়ে দেওয়া হবে না। বিধায়করা নিজ উদ্যোগে ফর্ম ফিলআপ করাবেন। সরকারও বিডিওদের নেতৃত্বে বাড়ি বাড়ি গিয়ে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিলআপের সহযোগিতা করার জন্য লোক পাঠাবে।” এরই সঙ্গে মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, “মাথায় রাখবেন ভারতীয়রাই সুযোগ পাবেন। ভারতের টাকা বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের জন্য নয়।”
পাশাপাশি আগামী সপ্তাহ থেকেই সরকারি বাসে মহিলাদের নিখরচায় পরিষেবার কথাও জানান মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট করেন, “আপাতত সব মহিলারা ফ্রি পরিষেবার সুযোগ পেলেও পরবর্তী আমরা কার্ডের ব্যবস্থা করব।” তৃণমূল জমানায় প্রসঙ্গ টেনে খোঁচা দিয়ে শুভেন্দু বলেন, “গত সরকারের আমলে তৃণমূলের নেতারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন। সেই সুযোগ আমাদের সরকার দেবে না। কেউ যদি পোশাক বদলে, মুখ ঢেকে সরকারি বাসে উঠে পড়েন কনডাক্টররা তাঁদের শনাক্ত করতে পারবেন না। তাই স্মার্ট কার্ডের ব্যবস্থা করা হবে দ্রুত।” নতুন সরকারের আমলে মা ক্যান্টিনে সপ্তাহে দু’দিন ৫ টাকায় মাছ-ভাত খাওয়ানোর কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
তিনি জানান, মা ক্যান্টিনগুলিতে ৫ টাকাতেই পাওয়া যাবে মাছ-ভাত।রাজ্যে পালাবদলের পর ক্ষমতায় এসে বিজেপি সরকার জানিয়েছিল, রাজ্যের কোনও সামাজিক প্রকল্প বন্ধ করা হবে না। পালাবদলের কারণে কয়েকটি প্রকল্পের পরিষেবা কিছু সময়ের জন্য স্থগিত থাকলেও ফের চালু হবে সব প্রকল্প। সেই মতো এবার মা ক্যান্টিন নিয়ে বড় সিদ্ধান্তের কথা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, এবার থেকে সপ্তাহে দুই দিন মা ক্যান্টিনে মাছ-ভাত খাওয়ানো হবে। কিন্তু দাম অপরিবর্তিত রাখবে সরকার। মাত্র ৫ টাকাতেই মাছ-ভাত খেতে পারবেন মানুষ।
মঙ্গলবার কল্যাণীতে প্রশাসনিক বৈঠক শেষে মা ক্যান্টিন নিয়ে রাজ্য সরকারের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, বর্তমানে রাজ্যে মোট ৩৬৭টি মা ক্যান্টিন রয়েছে। সবকটিই চালু থাকবে। আপাতত এই ক্যান্টিনের সংখ্যা পরিবর্তন করা হবে না। তাঁর কথায়, “সপ্তাহে ২ দিন করে মাছ খাওয়াব। ৫ টাকাতেই খাওয়াব।”
