Breaking News

 

Entertainment

9 hours ago

Viral Song Debate: ‘হাল্লাল্লাল্লো’ ঘিরে বিতর্কে রামচরণ, অশ্লীল দৃশ্যায়ন নিয়ে তোলপাড় নেটদুনিয়া

Controversy Surrounds Song from Ram Charan's Film
Controversy Surrounds Song from Ram Charan's Film

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  দক্ষিণী সিনেমায় ‘আইটেম গান’ ও আবেদনময়ী নাচের ব্যবহার নিয়ে নতুন করে বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এল রামচরণ অভিনীত আসন্ন ছবি ‘পেড্ডি’-র গান ‘হাল্লাল্লাল্লো’। গান প্রকাশ্যে আসতেই সমাজমাধ্যমে শুরু হয়েছে তুমুল আলোচনা। রামচরণের সঙ্গে শ্রুতি হাসান ও জাহ্নবী কাপুরের নাচ, কোরিওগ্রাফি এবং ক্যামেরায় নারী শরীরের উপস্থাপনাকে ঘিরে আপত্তি তুলেছেন নেটিজেনদের একাংশ। 

সমালোচকদের অভিযোগ, গানের নাচের ভঙ্গিমা ও দৃশ্যায়নে অযথা যৌন আবেদনকে বাড়িয়ে দেখানো হয়েছে। বিশেষ করে দুই অভিনেত্রীর শরীরী ভাষা ও ক্যামেরার নির্দিষ্ট কিছু ফ্রেমকে “অতিরিক্ত চটুল” এবং “নিম্নরুচির” বলে কটাক্ষ করা হচ্ছে। অনেকের মতে, সাম্প্রতিক সময়ে তেলুগু ছবিতে দর্শক টানতে অতিরঞ্জিত গ্ল্যামার ও আবেদনময়ী গানের ব্যবহার ক্রমশ বাড়ছে। ‘পুষ্পা’-র বিপুল জনপ্রিয়তার পর থেকেই এই প্রবণতা আরও বেশি চোখে পড়ছে বলেও মত একাংশের।


তবে বিতর্কে বিভক্ত চলচ্চিত্র মহল। নির্মাতাদের একাংশের বক্তব্য, বাণিজ্যিক ছবিতে গান ও নাচ দর্শকের বিনোদনের গুরুত্বপূর্ণ অংশ। দর্শকের চাহিদা মাথায় রেখেই এমন উপস্থাপনা তৈরি করা হয়। অন্যদিকে সমালোচকদের দাবি, গ্ল্যামার দেখানোর নামে নারীদের শরীরকে পণ্যের মতো উপস্থাপন করা মোটেও গ্রহণযোগ্য নয়। তাঁদের মতে, বর্তমান সময়ে ছবির নির্মাতাদের আরও দায়িত্বশীল হওয়া প্রয়োজন। এদিকে ‘হাল্লাল্লাল্লো’-র কোরিওগ্রাফারকেও ঘিরে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে। সমাজমাধ্যমে অনেকেই তাঁর অতীতের যৌন হেনস্থার অভিযোগের প্রসঙ্গ টেনে কটাক্ষ করেছেন। ফলে গানটি নিয়ে বিতর্ক আরও জোরালো হয়েছে।

এরই মাঝে ‘পেড্ডি’-র মিউজিক লঞ্চ অনুষ্ঠানেও ট্রোলের মুখে পড়েন রামচরণ। সাংবাদিকদের সঙ্গে কথোপকথনের সময় ভারতীয় ক্রিকেটারদের কয়েকটি শব্দে বর্ণনা করতে বলা হলে জসপ্রীত বুমরাহ সম্পর্কে বলতে গিয়ে ক্রিকেট ও ফুটবল গুলিয়ে ফেলেন অভিনেতা। মুহূর্তের মধ্যেই সেই ভিডিও ভাইরাল হয়ে যায় নেটদুনিয়ায়। পরবর্তীতে নিজের ভুল স্বীকার করে সমাজমাধ্যমে ক্ষমা চান রামচরণ। তিনি লেখেন, “উফ… আমি সত্যিই অনেক সময় নাম ভুলে যাই। জসপ্রীত বুমরাহজির কাছে ভুলের জন্য ক্ষমাপ্রার্থী। এত ভিড় ও উত্তেজনার মধ্যে এটা বড় ভুল হয়ে গিয়েছে।” সব মিলিয়ে, ছবি মুক্তির আগেই ‘পেড্ডি’ এখন চর্চার কেন্দ্রে। গান, কোরিওগ্রাফি থেকে শুরু করে রামচরণের মন্তব্য— একের পর এক বিতর্কে সরগরম নেটপাড়া ও দক্ষিণী বিনোদন দুনিয়া।



You might also like!