
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:১ জুন থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পৌঁছে যাবে মহিলাদের ব্যাঙ্ক অ্য়াকাউন্টে। প্রত্যেক মহিলা প্রতি মাসে ৩০০০ টাকা করে পাবেন। নির্বাচনের আগেই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প চালুর প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। রাজ্যে ক্ষমতায় আসার পর এই প্রকল্প নিয়েই সিদ্ধান্ত নেওয়া হল। তৃণমূল সরকারের আমলে শুরু হওয়া লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় ১৫০০ টাকা করে পেতেন মহিলারা। তফসিলি জাতি, উপজাতিদের জন্য বরাদ্দ ছিল ১৭০০ টাকা। এই টাকা দ্বিগুণ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। এবার সেই প্রতিশ্রুতি পূরণের পথে হাটছে নবনির্বাচিত বিজেপি সরকার। সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি, সিদ্ধান্ত সরকারের।
এ দিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দেন, রাজ্যে আগে থেকে চালু থাকা কোনও সামাজিক প্রকল্প বন্ধ হচ্ছে না। তিনি জানান, ৩০ বছর আগের হোক বা ১০ বছর আগের হোক, কোনও সামাজিক প্রকল্প বন্ধ হচ্ছে না। চালু থাকা কোনও সামাজিক কর্মসূচি এই সরকার বন্ধ করছে না।ভোটের আগে বিজেপি তাদের সংকল্পপত্রে জানিয়েছিল, এ বার বঙ্গে তারা সরকারে এলে অন্নপূর্ণার ভাণ্ডার, আয়ুষ্মান ভারতের মতো প্রকল্প আনবে। অন্নপূর্ণার ভাণ্ডারে মাসে ৩ হাজার টাকা করে পাবেন মহিলারা। তবে এ ক্ষেত্রে আলাদা কোনও শর্ত থাকবে কি না, তা এখনও স্পষ্ট নয়।
অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডারের মতো রাজ্যের সকল মহিলাই অন্নপূর্ণার ভাণ্ডার পাবেন, নাকি নির্দিষ্ট কিছু শর্ত মেনে এই টাকা মিলবে, তা এখনও স্পষ্ট নয়। আয়ুষ্মান ভারতের ক্ষেত্রেও সমস্ত রাজ্যবাসী এই সুবিধা পাবেন, নাকি এ ক্ষেত্রে পরিবারের আয় বা অন্যান্য কোনও শর্ত থাকবে তা-ও স্পষ্ট নয়।
