
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:পশ্চিমবঙ্গ সরকারের ধর্মীয় শ্রেণিভিত্তিক সব ধরনের প্রকল্প বন্ধ করার সিদ্ধান্ত ঘোষণা করলেন নারী ও শিশুকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল। সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর তিনি জানান, চলতি মাসে শেষবারের মতো সুবিধা দেওয়া হবে, এরপর থেকে আগামী মাস থেকে ওই প্রকল্প সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে। সরকারের এই সিদ্ধান্ত ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।এদিন অগ্নিমিত্রা স্পষ্ট ভাষায় বলেন, “ধর্মীয় শ্রেণিবিন্যাসের ভিত্তিতে তথ্য ও সংস্কৃতি দফতর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরে প্রদত্ত সহায়তামূলক প্রকল্প বন্ধ হবে। এই মাসে চলবে। পরের মাস থেকে এটা বন্ধ করা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত বিজ্ঞপ্তি দেওয়া হবে।”
নির্বাচনের আগে ভাতা নয়, ভাতের ডাক দিয়েছিল বিজেপি। সংকল্প পত্রে কর্মসংস্থান এবং সুশাসনের প্রতিশ্রুতি দিয়েছিল পদ্মব্রিগেড। সেই পথেই সরকার গঠনের ৯ দিনের মাথায় বিরাট ঘোষণা অগ্নিমিত্রার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে সাংবাদিক বৈঠকে একাধিক বড় ঘোষণা করেন নারী ও শিশুকল্যাণ মন্ত্রী। জানিয়ে দেন, ‘ধর্মীয় শ্রেণিবিন্যাসের ভিত্তিতে তথ্য ও সংস্কৃতি দফতর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরে প্রদত্ত সহায়তামূলক প্রকল্প বন্ধ হবে। ফলে মনে করা হচ্ছে, মমতা আমলে চালু ইমাম-মোয়াজ্জেম-পুরোহিত ভাতাও বন্ধ হচ্ছে। বঙ্গে তৃণমূল জমানায় তোষণের রাজনীতিতে ভাতাকে ‘হাতিয়ার’ করায় সরব হয়েছিল বিজেপি। রাজ্যের অর্থনৈতির শিরদাঁড়া ‘রেউরি’ সংস্কৃতিতে নুয়ে পড়েছে বলে সরব হয় তৎকালীন বিরোধী দল। এবার সেই মতোই সংস্কারমুখী পদক্ষেপ করে ধর্মের ভিত্তিতে ‘বৈষম্যমূলক’ সমস্ত প্রকল্প বন্ধ করল সরকার।
