West Bengal

59 minutes ago

Jahangir Khan : গ্রেফতারের আশঙ্কায় হাই কোর্টে ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান, চাইলেন আইনি সুরক্ষা

Jahangir Khan moves High Court seeking protective shield.
Jahangir Khan moves High Court seeking protective shield.

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:পুনর্নির্বাচনের আগে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান। তাঁর অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে একাধিক মিথ্যা এফআইআর দায়ের করা হয়েছে এবং তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। মনোবল ভাঙতেই এই পদক্ষেপ বলে দাবি করে রক্ষাকবচ চেয়ে আদালতে মামলা করেন তিনি। বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে দ্রুত শুনানির আবেদন জানানো হয়েছে। সোমবার দুপুর ২টোয় মামলার শুনানি হতে পারে।

হাই কোর্টের দ্বারস্থ হয়ে জাহাঙ্গির অভিযোগ করেছেন, তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা, এফআইআর করা হয়েছে। তৃণমূল প্রার্থীর আবেদন, তাঁর বিরুদ্ধে ক’টা মামলা, কত এফআইআর হয়েছে, তা জানাক রাজ্য। তাঁর আশঙ্কা, তাঁকে ভোটের আগে গ্রেফতার করা হতে পারে। শনিবারই ফলতায় সভা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠ’ তৃণমূল প্রার্থী জাহাঙ্গিরকে তোপ দেগে তিনি বলেছিলেন, ‘‘ভোট শেষ হোক। ওর ব্যবস্থা করব। সেই দায়িত্ব আমার।’’

অভিষেক-ঘনিষ্ঠ বলে পরিচিত জাহাঙ্গির গত কয়েক বছরে দক্ষিণ ২৪ পরগনার রাজনীতিতে অন্যতম প্রধান নাম হয়ে উঠেছেন। বিধানসভা ভোটে ডায়মন্ড হারবার পুলিশ জেলার পর্যবেক্ষক অজয়পাল শর্মা ‘বনাম’ তৃণমূল প্রার্থীর ঠান্ডা লড়াই প্রত্যক্ষ করেছে রাজ্য। এনকাউন্টার স্পেশ্যালিস্ট অজয়পাল উত্তরপ্রদেশের আইপিএস। পুলিশকর্তা হিসাবে ভাবমূর্তির জন্য বড়পর্দার চরিত্র ‘সিংহম’-এর সঙ্গে তাঁর তুলনা করা হয় আদিত্যনাথের রাজ্যে। সেই অজয়পালের উদ্দেশে জাহাঙ্গির বলেছিলেন, ‘‘উনি সিংহম হলেও আমিও পুষ্পা... ঝুঁকেগা নহি।’’ভোট মিটে যাওয়ার পর বিরোধীরা অভিযোগ করেন, ফলতা বিধানসভার বেশ কয়েকটি বুথে সুষ্ঠু ভোট হয়নি। পরিস্থিতি পর্যালোচনা করে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। বিজেপি যখন বিরোধীর আসনে ছিল, তাদের অভিযোগ ছিল, ফলতা তথা ডায়মন্ড হারবার লোকসভায় জাহাঙ্গিরের নেতৃত্বেই সন্ত্রাস-মারামারি, তোলাবাজি, জোর করে বুথ দখলের বহু ঘটনা ঘটে। বিরোধী রাজনীতি করা লোকজন তো বটেই, বহু সাধারণ মানুষ নাকি জাহাঙ্গিরের দাপটে এলাকা ছাড়তে বাধ্য হয়েছেন।

জাহাঙ্গির অবশ্য সমস্ত অভিযোগ নস্যাৎ করেছেন। শুধু ফলতা থেকে ডায়মন্ড হারবার লোকসভার তৃণমূল প্রার্থীকে দেড় লক্ষ লিড দেওয়ার প্রধান চরিত্র শুক্রবার দলীয় কার্যালয় খুলে জানিয়েছেন ভোটের জন্য তিনি প্রস্তুত। জাহাঙ্গিরের দাবি, তৃণমূল আমলে সমগ্র ফলতায় তিনি কী কাজ করেছেন, সেই জবাব সর্বসাধারণ দেবে। এ বার তিনি হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন।

You might also like!