Technology

1 hour ago

WhatsApp Plus: আইফোন ইউজারদের জন্য হোয়াটসঅ্যাপে নতুন চমক, আসছে ‘হোয়াটসঅ্যাপ প্লাস’ সাবস্ক্রিপশন

iPhone WhatsApp Upgrade
iPhone WhatsApp Upgrade

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ এবার নিয়ে এল নতুন অভিজ্ঞতা। ‘হোয়াটসঅ্যাপ প্লাস’ নামে একটি বিশেষ প্রিমিয়াম সাবস্ক্রিপশন পরিষেবা চালু করতে চলেছে মেটা। আপাতত শুধুমাত্র আইফোন ব্যবহারকারীদের জন্যই এই সুবিধা উপলব্ধ হতে চলেছে বলে জানা গিয়েছে। যদিও এখনও সব ইউজার এই পরিষেবা পাচ্ছেন না। সীমিত সংখ্যক আইওএস ব্যবহারকারীর উপর পরীক্ষামূলকভাবে চালানো হচ্ছে এই নতুন ফিচার।

প্রযুক্তি মহলের দাবি, যাঁরা হোয়াটসঅ্যাপের সর্বশেষ আপডেটেড ভার্সন ব্যবহার করছেন, তাঁদের মধ্য থেকেই কিছু ব্যবহারকারীকে বেছে নেওয়া হয়েছে। এই নতুন সাবস্ক্রিপশনের মূল আকর্ষণ থাকছে অ্যাপের সম্পূর্ণ নতুন পার্সোনালাইজেশন ব্যবস্থা। অর্থাৎ, ইউজাররা নিজেদের পছন্দ অনুযায়ী হোয়াটসঅ্যাপের চেহারা বদলে নিতে পারবেন। জানা গিয়েছে, ‘হোয়াটসঅ্যাপ প্লাস’-এ থাকছে ১৮ ধরনের অ্যাকসেন্ট কালার এবং বিশেষ অ্যানিমেটেড ওভারলে এফেক্ট। ফলে হোয়াটসঅ্যাপের পরিচিত সবুজ রঙের বদলে অ্যাপের ইন্টারফেসকে আরও স্টাইলিশ করে তোলা যাবে। এছাড়াও ব্যবহারকারীরা ১৪ ধরনের আলাদা অ্যাপ আইকনের মধ্য থেকে নিজেদের পছন্দমতো ডিজাইন বেছে নিতে পারবেন।

শুধু রঙ বা আইকনেই সীমাবদ্ধ নয় এই পরিষেবা। সাধারণ হোয়াটসঅ্যাপে যেখানে মাত্র তিনটি চ্যাট পিন করে রাখা যায়, সেখানে ‘হোয়াটসঅ্যাপ প্লাস’-এ একসঙ্গে কুড়িটি চ্যাট পিন করার সুবিধা মিলবে। পাশাপাশি বিভিন্ন চ্যাটের জন্য আলাদা নোটিফিকেশন টোন ও কল রিংটোন সেট করার সুযোগও থাকছে। এমনকি ইউজারদের জন্য থাকছে ১০টি এক্সক্লুসিভ রিংটোন। এই পরিষেবার খরচ নিয়েও শুরু হয়েছে জল্পনা। কিছু ব্যবহারকারী নাকি সীমিত সময়ের জন্য ফ্রি ট্রায়াল পাচ্ছেন। ইউরোপে এই সাবস্ক্রিপশনের মূল্য রাখা হয়েছে ২.৪৯ ইউরো, যা ভারতীয় মুদ্রায় প্রায় ২৭৯ টাকার কাছাকাছি। যদিও ভারতে এই পরিষেবার নির্দিষ্ট মূল্য এখনও ঘোষণা হয়নি।

তবে একটি বিষয় স্পষ্ট করে দেওয়া হয়েছে—যাঁদের বিজনেস অ্যাকাউন্ট রয়েছে, তাঁরা এই সাবস্ক্রিপশনের সুবিধা পাবেন না। ফলে সাধারণ ব্যক্তিগত অ্যাকাউন্ট ব্যবহারকারীদের লক্ষ্য করেই নতুন এই প্রিমিয়াম পরিষেবা আনছে মেটা। প্রযুক্তিপ্রেমীদের একাংশের মতে, ভবিষ্যতে হোয়াটসঅ্যাপ ব্যবহারের অভিজ্ঞতাকে আরও ব্যক্তিগত ও আকর্ষণীয় করতেই এই উদ্যোগ।

You might also like!