Entertainment

1 hour ago

Concert Viral Moment: গান গাইতে গিয়েই মঞ্চে বিপত্তি! শ্বাসরোধ হয়ে লুটিয়ে পড়লেন হ্যারি স্টাইলস, মুহূর্তে ছড়াল উদ্বেগ

Harry Styles briefly collapses during the June 26 show
Harry Styles briefly collapses during the June 26 show

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  হাজার হাজার দর্শকের সামনে জমজমাট কনসার্ট চলছিল। জনপ্রিয় গান ‘অ্যাস ইট ওয়াস’-এর তালে মঞ্চ মাতাচ্ছিলেন ব্রিটিশ পপ তারকা হ্যারি স্টাইলস। কিন্তু আচমকাই ঘটে অপ্রত্যাশিত ঘটনা। পারফরম্যান্সের মাঝেই শ্বাসকষ্টে মঞ্চে লুটিয়ে পড়েন তিনি। মুহূর্তের সেই দৃশ্য ক্যামেরাবন্দি হয়ে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই উদ্বেগ ছড়ায় অনুরাগীদের মধ্যে।

বিদেশি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে কনসার্ট চলাকালীন নিজের পরিচিত ‘হোয়েল মুভ’ নাচের অংশ পরিবেশন করছিলেন হ্যারি। এই পারফরম্যান্সে তিনি মুখে জল নিয়ে তা বাতাসে ছিটিয়ে দেওয়ার একটি বিশেষ কৌশল ব্যবহার করেন। তবে এ দিন সেই সময়ই বিপত্তি ঘটে। মুখে জল থাকা অবস্থায় আচমকা তাঁর গলায় জল আটকে যায় এবং শ্বাস নিতে সমস্যা শুরু হয়। ভিডিয়োতে দেখা যায়, হ্যারি স্টাইলস মঞ্চেই শুয়ে পড়েন এবং টানা কয়েক সেকেন্ড কাশতে থাকেন। বুকে চাপড়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করেন তিনি। প্রায় ১৭ সেকেন্ড ধরে এই পরিস্থিতি চললেও প্রথমে অনেক দর্শক বিষয়টির গুরুত্ব বুঝতে পারেননি। তাঁরা তখনও করতালি ও উল্লাসে গায়ককে উৎসাহ দিয়ে যাচ্ছিলেন। 


কিছুক্ষণ পর নিজেই উঠে দাঁড়ান হ্যারি। দর্শকদের দিকে হাত নেড়ে জানান, তিনি এখন সম্পূর্ণ সুস্থ আছেন। এরপর কোনও বিরতি না নিয়েই ফের পারফরম্যান্স শুরু করেন এবং নির্ধারিত কনসার্ট সফলভাবেই শেষ করেন। ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর অনুরাগীদের মধ্যে উদ্বেগ তৈরি হলেও, পরদিনই সেই আশঙ্কার অবসান ঘটান হ্যারি স্টাইলস। নির্ধারিত সূচি অনুযায়ী ওয়েম্বলির দ্বিতীয় কনসার্টেও তিনি অংশ নেন। ফলে স্পষ্ট হয়, মঞ্চে ঘটে যাওয়া ঘটনাটি সাময়িক ছিল এবং দ্রুতই সুস্থ হয়ে উঠেছেন এই বিশ্বখ্যাত শিল্পী। বর্তমানে লন্ডনে কনসার্ট নিয়ে ব্যস্ত হ্যারি স্টাইলস। এর পর তাঁর সফরের সূচিতে রয়েছে ব্রাজ়িল ও মেক্সিকো। ফলে স্বাস্থ্য নিয়ে জল্পনার মধ্যেও নিজের পেশাগত প্রতিশ্রুতি বজায় রেখেই এগিয়ে চলেছেন জনপ্রিয় এই পপ তারকা।

You might also like!