kolkata

1 hour ago

WB Uniform Civil Code: ইউসিসি বিলে এখনই সবুজ সংকেত নয়, আরও আলোচনা-পর্যালোচনায় জোর সরকারের

West Bengal Chief Minister Suvendu Adhikari
West Bengal Chief Minister Suvendu Adhikari

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার লক্ষ্যে আইন আনার প্রস্তুতি শুরু করেছে বিজেপি নেতৃত্বাধীন সরকার। প্রস্তাবিত এই বিলটি সোমবার বিধানসভায় পেশ হওয়ার সম্ভাবনা থাকলেও আপাতত তা স্থগিত রাখা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর। সরকারের মতে, বিলটির একাধিক ধারা নিয়ে আরও বিস্তারিত পর্যালোচনা ও আইনি মতামত প্রয়োজন। তাই তড়িঘড়ি সিদ্ধান্ত না নিয়ে বিষয়টি খুঁটিয়ে পরীক্ষা করতে চায় রাজ্য সরকার। সেই উদ্দেশ্যেই একটি উচ্চপর্যায়ের বিশেষ কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, এই কমিটির নেতৃত্বে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি রঞ্জনপ্রসাদ দেশাইকে আনার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। কমিটি বিলের বিভিন্ন দিক খতিয়ে দেখে প্রয়োজনীয় সুপারিশ জমা দেওয়ার পরই অভিন্ন দেওয়ানি বিধি সংক্রান্ত বিল বিধানসভায় আনার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। 

এর আগে প্রথম রাজ্য হিসেবে উত্তরাখণ্ডে অভিন্ন দেওয়ানি বিধি লাগু করার সময়েও প্রাক্তন বিচারপতি রঞ্জনপ্রসাদ দেশাইকেই দায়িত্ব দেওয়া হয়েছিল খুঁটিনাটি পর্যালোচনার জন্য। পশ্চিমবঙ্গও হাঁটছে সেই পথে। এ রাজ্যের জনবিন্যাস, প্রেক্ষাপট বুঝে উপযোগী বিল তৈরি করার ক্ষেত্রে তাঁর পরামর্শ নেওয়া হতে পারে। আসলে বঙ্গে ইউসিসি বিল আনার ক্ষেত্রে বেশ কিছু প্রতিবন্ধকতা আছে। সে কারণেই সরকারের সতর্ক পদক্ষেপ। সমাজের সম্প্রদায়ের মানুষের মতামত গ্রহণ করে তার ভিত্তিতে বিলটি পেশ হবে বলে মনে করা হচ্ছে। 

সোমবার রাজ্য বিধানসভায় পেশ হয়েছে কয়েকটি গুরুত্বপূর্ণ বিল। এর মধ্যে অভিন্ন দেওয়ানি বিধি বা ইউসিসি বিলটিও পেশ হওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে পিছু হঠে সরকারপক্ষ। বিলটি নিয়ে আরও বিশদে আলোচনার জন্য সময় নেওয়া হয়েছে। সূত্রের খবর, এর জন্য যে উচ্চপর্যায়ের কমিটি তৈরি হবে, তার নেতৃত্বে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি রঞ্জনপ্রসাদ দেশাইকে চায় বাংলার বিজেপি সরকার। তাঁর সঙ্গে রাজ্য সরকারের প্রাথমিক আলোচনা হয়েছে। সোমবার আরও একদফা আলোচনা হতে চলেছে। তারপর কমিটির চেয়ারম্যানের নাম চূড়ান্ত হবে। এসব পর্ব মিটিয়ে বিল পেশ হবে বিধানসভায়। কবে তা হবে, এখনও অনিশ্চিত। 


You might also like!