
আম্বালা, ১ জুলাই : হরিয়ানার আম্বালায় নলকূপের গর্তে পড়ে যাওয়া শিশুটিকে দীর্ঘ চেষ্টার পর উদ্ধার করা সম্ভব হলেও, প্রাণে বাঁচানো গেল না। বুধবার ভোররাতে উদ্ধার করার পর ৪ বছরের শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, সেনাবাহিনী ও অন্যান্য উদ্ধারকারী দলের চেষ্টায় শিশুটিকে উদ্ধার করা হয়। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়া হলে শিশুটিকে মৃত ঘোষণা করা হয়।
সিটি হাসপাতালের মেডিকেল অফিসার ঋষিপাল বলেন, "শিশুটিকে উদ্ধার করার সঙ্গে সঙ্গেই আমরা তাঁর শারীরিক পরীক্ষা শুরু করি। এখানকার হাসপাতালে ইসিজি করার পর তাঁকে মৃত ঘোষণা করা হয়। শিশুটির মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পরেই মৃত্যুর কারণ জানা যাবে।"
উল্লেখ্য, মঙ্গলবার সকালে আম্বালার ধান্যোরা গ্রামে বোরওয়েলের গর্তে পড়ে যায় চার বছরের শিশুটি; উদ্ধার অভিযান শুরু করে সেনাবাহিনী ও এনডিআরএফ। শিশুটি তাঁর বাবার জন্য খাবার আনতে মাঠে এসেছিল। বাবা যখন অন্য কাজে ব্যস্ত ছিলেন, তখন শিশুটি খেলতে খেলতে নলকূপের গর্তে পড়ে যায়। অনেক চেষ্টার পর উদ্ধার করা সম্ভব হলেও, শিশুটিকে বাঁচানো সম্ভব হল না।
