
নয়াদিল্লি, ১ জুলাই : হিমাচল প্রদেশের মান্ডিতে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করলো ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। পূর্বাভাসে জানানো হয়েছে, ২ ও ৩ জুলাই মান্ডিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই জারি করা হয়েছে কমলা সতর্কতা। ভারী বৃষ্টির পূর্বাভাসের মধ্যেই বুধবার সকালে মান্ডি শহরের আকাশ ঘন মেঘে ঢেকে যায়, যা আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। বর্তমানে বিতস্তা নদীর জলস্তর স্বাভাবিক রয়েছে এবং এখনও পর্যন্ত বন্যা বা অস্বাভাবিকভাবে জলস্তর বৃদ্ধির কোনও লক্ষণ দেখা যায়নি। অন্যদিকে, উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগেও ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আইএমডি। আগামী ৪ জুলাই রুদ্রপ্রয়াগে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জেলাবাসীকে সতর্ক করা হয়েছে। রুদ্রপ্রয়াগেও ইতিমধ্যেই আবহাওয়া বদলে গিয়েছে। শুরু হয়েছে বৃষ্টি।
