
কলকাতা, ২৭ জুন : জাতীয় সড়ক তথা এনএইচ-১০-এর সেবক সংলগ্ন শিবমন্দির এলাকায় বড়সড় ধসের জেরে পরিস্থিতি এখনও বিপজ্জনক। পাহাড় থেকে লাগাতার পাথর ও ধ্বংসাবশেষ গড়িয়ে পড়ায় আপাতত ওই পথে স্বাভাবিক যান চলাচল শুরু করা সম্ভব নয় বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে দার্জিলিং জেলা পুলিশ।
এই প্রসঙ্গে উল্লেখযোগ্য যে, চলতি সপ্তাহের বৃহস্পতিবার দার্জিলিংয়ের পুলিশ সুপারের জারি করা এক ট্রাফিক বিজ্ঞপ্তিতে পরিষ্কারভাবে বলা হয়েছে, রাস্তা পরিষ্কার করে সাময়িকভাবে যান চলাচল চালু করা হলেও ফের ছোট-বড় পাথর ও ধ্বংসাবশেষ নেমে আসছে। পাহাড়ের ঢাল এখনও অস্থিতিশীল থাকায় যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা মাথায় রেখে জাতীয় সড়ক তথা এনএইচ-১০-এর স্বাভাবিক যান চলাচল অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়েছে।
উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সিকিম থেকে শিলিগুড়িগামী যানবাহনকে মুনসং–গরুবাথান হয়ে বিকল্প পথে চলাচলের পরামর্শ দিয়েছে পুলিশ প্রশাসন। অন্যদিকে, কালিম্পং থেকে আসা গাড়িগুলিকে পরিস্থিতি অনুযায়ী করোনেশন ব্রিজ–মংপং–গজলডোবা রুট ব্যবহার করতে বলা হয়েছে। এই সংক্রান্ত নির্দেশিকা কালিম্পংয়ের পুলিশ সুপারের কাছেও পাঠানো হয়েছে। এনএইচ-১০-এ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রয়োজনীয় ট্রাফিক ডাইভারশন (ঘুরপথ) দ্রুত কার্যকর রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
