
কলকাতা, ১০ জুন : উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় প্রবেশ করেছে বর্ষা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা, হুগলিতে হালকা বৃষ্টির পাশাপাশি ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝড়ের পূর্বাভাস রয়েছে। ওই জেলাগুলিতে কমলা সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলায় বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির পাশাপাশি ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড় হতে পারে। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে অস্বস্তিকর গরমের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বুধবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.৪ ডিগ্রি বেশি।
