West Bengal

1 week ago

Bengal Monsoon: বঙ্গে সক্রিয় বর্ষা, দক্ষিণ ও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস সহ বজ্রপাতের সতর্কতা

Active monsoon in Bengal
Active monsoon in Bengal

 

কলকাতা, ১৬ জুলাই : দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ জুড়ে সক্রিয় হয়ে উঠেছে মৌসুমী বায়ু। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরের ওপর সৃষ্ট নিম্নচাপের জেরে, বৃহস্পতিবার রাজ্যজুড়ে আবহাওয়ার মেজাজ বদলে যাবে। দিনভর আকাশ মেঘলা থাকার পাশাপাশি রাজ্যের অধিকাংশ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টি ও বজ্রপাতের সতর্কতা জারি করা হয়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন কলকাতার পাশাপাশি হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। উপকূলবর্তী অঞ্চলগুলিতে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাতের প্রবল আশঙ্কা রয়েছে। বেশ কিছু জায়গায় ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড হতে পারে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৮০ থেকে ৮৮ শতাংশ পর্যন্ত থাকবে, যার ফলে বৃষ্টি না হলে চরম ভ্যাপসা গরম ও অস্বস্তি বজায় থাকবে। পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১২ মাইল বেগে হাওয়া বইতে পারে।

অন্যদিকে, উত্তরবঙ্গের পার্বত্য ও ডুয়ার্স এলাকাতেও একটানা বৃষ্টিপাত জারি থাকবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় একটানা বৃষ্টির জেরে পাহাড়ি অঞ্চলে ধস নামার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি নিচু এলাকাগুলি প্লাবিত হওয়ার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছে না প্রশাসন।

কলকাতায় এদিন সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৭ ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। উত্তাল সমুদ্রের কারণে মৎস্যজীবীদের জলে নামার আগে আবহাওয়ার সর্বশেষ বুলেটিন দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সেই সঙ্গে বজ্রপাতের হাত থেকে বাঁচতে সাধারণ মানুষকে খোলা মাঠ, গাছপালা ও বিদ্যুতের খুঁটি থেকে দূরে থাকার জন্য সতর্ক করেছে আবহাওয়া দফতর।

You might also like!