
মায়ামি, ২৫ মার্চ : আমেরিকার অ্যালেক্স মিশেলসেনকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠলেন জানিক সিনার। বিশ্বের ২ নম্বর খেলোয়াড় জানিক সিনার অ্যালেক্স মিশেলসেনের বিপক্ষে দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়িয়ে ৭-৫,৭-৬(৪) ব্যবধানে জয় নিশ্চিত করে মঙ্গলবার মিয়ামি ওপেনের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন। সেই সঙ্গে সিনার এটিপি মাস্টার্স ১০০০ ইভেন্টগুলিতে টানা সেট জেতার রেকর্ডকে ২৮এ উন্নত করেছেন। "আমার মনে হচ্ছে এদিন সার্ভটা আমাকে বেশ সাহায্য করেছে, বিশেষ করে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে এবং টাইব্রেকারে, তাই আমি খুশি,” ম্যাচের পর সিনার কোর্টের ভেতরে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন।
সিনার তাঁর ২০তম মাস্টার্স কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন। চলতি মাসের শুরুতে ইন্ডিয়ান ওয়েলসে কোনও সেট না হেরে শিরোপা জেতার পর এক বিরল ‘সানশাইন ডাবল’ জয়ের আশাও বাঁচিয়ে রেখেছেন সিনার।
