
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়া সাধারণত শান্ত স্বভাবের বলেই পরিচিত। তবে এবার একটি অনুষ্ঠানে পাপারাজ্জিদের আচরণে প্রকাশ্যেই ক্ষোভ উগরে দিলেন তিনি। পিছন থেকে ছবি তোলাকে কেন্দ্র করে ফটোগ্রাফারদের কড়া ভাষায় সতর্ক করেন অভিনেত্রী। সেই ঘটনার ভিডিও ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে।
মঙ্গলবার মুম্বইয়ে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেহা। অনুষ্ঠান শেষে বেরিয়ে আসার সময় একাধিক ফটোগ্রাফার তাঁর ছবি তুলতে শুরু করেন। অভিযোগ, তাঁদের মধ্যে কেউ কেউ অভিনেত্রীর পিছন দিক থেকেও ছবি তুলছিলেন। বিষয়টি নজরে আসতেই থেমে যান নেহা এবং সরাসরি আপত্তি জানান। ভাইরাল ভিডিওতে দেখা যায়, অভিনেত্রী প্রশ্ন করেন, “কে পিছন থেকে ছবি তুললেন? দয়া করে এখনই এটা বন্ধ করুন। শুধু আমার নয়, কোনও মহিলারই এভাবে ছবি তুলবেন না। বারবার একই কথা বলতে বলতে ক্লান্ত হয়ে গেছি। সম্মান করতে শিখুন।” নেহা শুধু উপস্থিত ফটোগ্রাফারদেরই নয়, এই বার্তা সকলের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধও জানান। তাঁর বক্তব্য, ব্যক্তিগত পরিসর ও মর্যাদার প্রতি সম্মান দেখানো প্রত্যেকের দায়িত্ব।
উল্লেখ্য, পাপারাজ্জিদের এই ধরনের ছবি তোলার বিরুদ্ধে এর আগেও সরব হয়েছেন একাধিক তারকা। তাঁদের মধ্যে রয়েছেন জাহ্নবী কাপুর, আরবাজ খান, রশ্মি দেসাই, সানায়া কাপুর, আয়েশা খান এবং প্রাক্তন বিশ্বসুন্দরী মানসী চিল্লার। কয়েক মাস আগে একই বিষয়ে আপত্তি জানাতে দেখা গিয়েছিল কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারকেও। ব্যক্তিগত জীবনে ২০১৮ সালে অঙ্গদ বেদীকে বিয়ে করেন নেহা ধুপিয়া। তাঁদের দুই সন্তান— কন্যা মেহর এবং পুত্র গুরিক। কাজের ক্ষেত্রে, নেহাকে শেষবার দেখা গিয়েছিল ‘পারফেক্ট ফ্যামিলি’ ওয়েব সিরিজে। পারিবারিক সম্পর্ক, মানসিক স্বাস্থ্য এবং থেরাপির গুরুত্ব নিয়ে নির্মিত এই সিরিজটি দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। বর্তমানে স্বামী অঙ্গদ বেদীর সঙ্গে ‘ডাবল ডেট’ নামে একটি ইউটিউব শো সঞ্চালনা করছেন তিনি।
