Country

1 hour ago

Rajdhani Express : মধ্যপ্রদেশের রতলামে রাজধানী এক্সপ্রেসে আগুন, সুরক্ষিত সমস্ত যাত্রীরা

Rajdhani Express
Rajdhani Express

 

ভোপাল, ১৭ মে : মধ্যপ্রদেশের রতলাম জেলায় আগুন লাগল নিজামুদ্দিন থেকে তিরুবনন্তপুরমগামী রাজধানী এক্সপ্রেসে। রবিবার সকালে মধ্যপ্রদেশের রতলাম জেলায় তিরুবনন্তপুরম-হজরত নিজামুদ্দিন রাজধানী এক্সপ্রেসের (১২৪৩১) একটি এসি কামরায় ভয়াবহ আগুন লেগে যায়। তৎক্ষণাৎ রেল কর্তৃপক্ষ ট্রেনটি থামিয়ে আগুন লাগা কামরা থেকে সমস্ত যাত্রীকে নামিয়ে আনেন। ঘটনাটি কোটা বিভাগের অন্তর্গত লুনি রিচা এবং বিক্রমগড় আলোট স্টেশনের মাঝে ভোর সাড়ে ৫টা নাগাদ ঘটেছে।

রতলাম থেকে প্রায় ১১০ কিলোমিটার দূরে আগুনের খবর পাওয়া যায়। ট্রেনের সামনের দিকে অবস্থিত বি১ নম্বর কোচে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার খবর পেয়ে কোটা রেলওয়ে ডিভিশন থেকে ত্রাণ ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। ক্ষতিগ্রস্ত কোচটিতে প্রায় ৬৮ জন যাত্রী ভ্রমণ করছিলেন। মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত কোচটিতে ছড়িয়ে পড়ে। ট্রেনের গার্ড প্রথমে লোকো পাইলটকে আগুনের বিষয়ে জানান, এরপরেই ট্রেনটি থামানো হয় ও যাত্রীদের নামিয়ে আনা হয়। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির খবর নেই, সমস্ত যাত্রী সুরক্ষিত রয়েছেন।

সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার সৌরভ জৈন বলেন, "রবিবার ভোর ৫টা ১৫ মিনিটে তিরুবনন্তপুরম থেকে নিজামুদ্দিনগামী ১২৪৩১ নম্বর রাজধানী এক্সপ্রেসের পেছনের এসএলআর এবং বি১ কোচে আগুন লাগার খবর পাওয়া যায়। আগুন দেখতে পেয়ে রেলকর্মীরা দ্রুত সমস্ত যাত্রীকে উদ্ধার করেন, ক্ষতিগ্রস্ত কোচটিকে ট্রেনের বাকি অংশ থেকে আলাদা করেন এবং দমকল বাহিনী, রাজ্য প্রশাসন ও রেল কর্তৃপক্ষকে খবর দেন। তাৎক্ষণিক পদক্ষেপে সমস্ত যাত্রীর নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। কোটা থেকে তিনটি দমকল বাহিনীর ইউনিটকে একযোগে কাজ করার জন্য ব্যবস্থা করা হচ্ছে। এই ঘটনার কারণে উভয় দিকে প্রায় ৫ থেকে ৬টি ট্রেন চলাচলে কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। যাত্রীদের যে কোনও তথ্যের জন্য রেলওয়ের ওয়েবসাইট বা ১৩৯ হেল্পলাইনে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হচ্ছে।"

You might also like!