Travel

5 days ago

IRCTC Launches Ramayana Yatra: রামায়ণের পথ ধরে তীর্থভ্রমণ! ৩০ মার্চ থেকে শুরু আইআরসিটিসির ‘রামায়ণ যাত্রা’

Bharat Gaurav Ramayana Yatra Train
Bharat Gaurav Ramayana Yatra Train

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  ছুটি পেলেই অনেকেই ধর্মীয় ও ঐতিহাসিক স্থানে ভ্রমণের পরিকল্পনা করেন। সেই আগ্রহকে আরও বাড়িয়ে দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে ভারতীয় রেলওয়ের পর্যটন সংস্থা আইআরসিটিসি। ভক্ত ও পর্যটকদের জন্য চালু হতে চলেছে বিশেষ ট্রেন ‘রামায়ণ যাত্রা’, যা শুরু হবে আগামী ৩০ মার্চ থেকে। ইতিমধ্যেই এই যাত্রার টিকিট বুকিং প্রক্রিয়াও শুরু হয়ে গেছে।

এই বিশেষ তীর্থভ্রমণ ট্রেনটি মোট ১৬ রাত ও ১৭ দিনের দীর্ঘ সফরে যাত্রীদের নিয়ে যাবে রামায়ণের সঙ্গে জড়িত বহু ঐতিহাসিক ও ধর্মীয় স্থানে। ট্রেনটি যাত্রা শুরু করবে দিল্লির সফদরজং স্টেশন থেকে। এরপর অযোধ্যা হয়ে বিহারের বক্সার, সেখান থেকে জনকপুর পর্যন্ত যাবে। তারপর পর্যায়ক্রমে পৌঁছবে বারাণসী, নাসিক, হাম্পি হয়ে শেষ গন্তব্য রামেশ্বরমে। এই যাত্রাপথে ভ্রমণকারীরা দর্শন করতে পারবেন বহু প্রসিদ্ধ তীর্থস্থান। এর মধ্যে রয়েছে বক্সারের রামরেখা ঘাট, বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দির,তুলসি মানস মন্দির, সংকট মোচন মন্দির,এবং গঙ্গারতি। এছাড়া সীতামঢ়ীর সীতার সমাধিস্থল, প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গম,হনুমান মন্দির ও ভরদ্বাজ আশ্রমও থাকছে তালিকায়।  এছাড়াও দর্শন করা যাবে চিত্রকূটের গুপ্ত গোদাবরী, রামঘাট ও সতী অনসূয়া মন্দির, নাসিকের ত্র্যম্বকেশ্বর মন্দির, পঞ্চবটী এবং কালারাম মন্দির। কর্ণাটকের হাম্পিতে অঞ্জনাদ্রি পাহাড়, বিরূপাক্ষ মন্দির এবং বিঠল মন্দির। রামেশ্বরমের রামনাথস্বামী মন্দির এবং ধনুষকোডী এই সফরের অংশ।

যাত্রীরা ভ্রমণ করবেন অত্যাধুনিক ভারত গৌরব ডিলাক্স এসি ট্যুরিস্ট ট্রেনে। এতে রয়েছে ফার্স্ট এসি, সেকেন্ড এসি ও থার্ড এসি—এই তিন ধরনের কেবিন। যাত্রীদের সুবিধার জন্য ট্রেনে থাকছে দুটি রেস্তরাঁ, যেখানে সম্পূর্ণ নিরামিষ খাবারের ব্যবস্থা থাকবে। এছাড়াও সেন্সরভিত্তিক ওয়াশরুম, শাওয়ার কিউবিকল, ফুট মাসাজার, সিসিটিভি নজরদারি এবং নিরাপত্তারক্ষীর ব্যবস্থা করা হয়েছে।

স্থানীয় দর্শনীয় স্থানে ঘোরার জন্য থাকবে এসি কোচ। প্রত্যেক যাত্রীর জন্য ট্রাভেল ইন্স্যুরেন্স এবং পুরো সফরে আইআরসিটিসির ট্যুর ম্যানেজাররা যাত্রীদের সহায়তা করবেন। এই দীর্ঘ যাত্রায় প্রায় ১৫০ জন যাত্রী অংশ নিতে পারবেন। ভাড়ার দিক থেকে ফার্স্ট এসির জন্য খরচ পড়বে প্রায় ১,৬৪,৯৪০ টাকা, সেকেন্ড এসির জন্য ১,৫১,২২৫ টাকা এবং থার্ড এসির জন্য ১,১৪,১০০ টাকা। ট্রিপল অকুপেন্সিতে সর্বনিম্ন খরচ প্রায় ১,১১,৬৩০ টাকা। রাম, সীতা ও লক্ষ্মণের স্মৃতিবিজড়িত নানা স্থানের দর্শন একসঙ্গে করার সুযোগ থাকায় ‘রামায়ণ যাত্রা’ ইতিমধ্যেই ভ্রমণপ্রেমী ও ধর্মপ্রাণ মানুষের মধ্যে যথেষ্ট আগ্রহ তৈরি করেছে। তাই এই বিশেষ তীর্থভ্রমণে অংশ নিতে চাইলে এখনই টিকিট বুক করতে পারেন।  

You might also like!