
কলকাতা, ৪ ফেব্রুয়ারি : গত রবিবার গোলপার্কে দুষ্কৃতীদের দুই গোষ্ঠীর সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে আরও দু’জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের নাম রাকেশ বনিক ওরফে কেলে (২৭) এবং রাজীব দাস ওরফে সোনু (২১)। ধৃতরা দু’জনেই রবীন্দ্র সরোবর এলাকার বাসিন্দা। মঙ্গলবার সন্ধ্যায় এই দু'জন গ্রেফতার হওয়ার পর গোলপার্কের ঘটনায় এখনও পর্যন্ত মোট ১৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
১৮ জন গ্রেফতার হলেও, মূল অভিযুক্ত বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পু এখনও অধরা। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। উল্লেখ্য, গত রবিবার কলকাতায় রবীন্দ্র সরোবর থানা এলাকার গোলপার্কে কাঁকুলিয়া রোডে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে। সোনা পাপ্পুর দলবলই এলাকায় এসে গন্ডগোল পাকাচ্ছে বলে অভিযোগ করেন স্থানীয়রা। সেই ঝামেলার তদন্তে নেমে এখনও পর্যন্ত ১৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
