Game

1 hour ago

Shakira : শাকিরা থেকে বিশ্বখ্যাত শিল্পীরা, বিশ্বকাপ উদ্বোধনী অনুষ্ঠানে কারা ছড়ালেন তারকার আলো?

Shakira
Shakira

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বিশ্ব ফুটবলের মহারণে বেজে গেল সূচনার বাঁশি। শুরু হয়ে গেল বহুল প্রতীক্ষিত FIFA World Cup 2026। আগামী দেড় মাস জুড়ে বিশ্বের ৪৮টি দেশের সেরা ফুটবলাররা লড়বেন শ্রেষ্ঠত্বের মুকুট জয়ের লক্ষ্যে। মাঠে রুদ্ধশ্বাস লড়াইয়ের পাশাপাশি কোটি কোটি সমর্থকের আবেগ, উন্মাদনা ও প্রত্যাশাও সঙ্গী হবে এই যাত্রায়।

স্থানীয় সময় বেলা ১১ টা নাগাদ মেক্সিকোয় শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান। প্রথমেই ছিল স্থানীয় নৃত্যশৈলী এবং গানের অনবদ্য মিশেল। মাঠজুড়ে তখন ভর্তি দর্শক। নিজের দেশের গানের সঙ্গে গলা মেলালেন আমজনতাও। ধীর লয়ের এই পারফরম্যান্স শেষ হতেই মঞ্চে ওঠে মেক্সিকোর পপ-রক ব্যান্ড মানা। চার সদস্যের ব্যান্ড যখন গাইছে, স্টেডিয়ামের চারদিকজুড়ে তখন আতশবাজির রোশনাই। সেজে ওঠে বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চ।


মেক্সিকোর অন্যতম বিখ্যাত গায়িকা বেলিন্ডা পেরেগ্রিনের পারফরম্যান্সও এদিনের দর্শকদের মন জয় করে নেয়। বিখ্যাত পপস্টার তথা কলম্বিয়ান গায়ক জে বলভিনকেও এদিন মঞ্চ মাতাতে দেখা যায়। তাঁর বিখ্যাত একাধিক গানের কিছুটা করে অংশ এদিন পরিবেশন করে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে। কথায় বলে মধুরেণ সমাপয়েত। উদ্বোধনী অনুষ্ঠানের একেবারে শেষ লগ্নে মঞ্চে উঠলেন শাকিরা। বিশ্বকাপের থিম সংয়ের সঙ্গে কার্যত সমার্থক হয়ে গিয়েছে এই গায়িকার নাম।

ওয়াকা ওয়াকা থেকে শুরু করে দাই দাই-বিশ্বকাপের অবিস্মরণীয় সব থিম সং উপহার দিয়েছেন শাকিরা। হলুদ টপ, সাদা স্কার্ট এবং সানগ্লাসে সেজে তিনি আবারও জমিয়ে দিলেন বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চ। বার্না বয়ের সঙ্গে বিশ্বকাপের থিম সং দাই দাই গেয়ে শুরু করলেন দেড়মাস ব্যাপী মহাযুদ্ধের। মিনিট পনেরোর উদ্বোধনী অনুষ্ঠান শেষ হল শাকিরার পাওয়ার পারফরম্যান্স দিয়ে। এবারের বিশ্বকাপের প্রথম ম্যাচে মাঠে নামবে আয়োজক মেক্সিকো। তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।

You might also like!