
রামবান, ২৪ মার্চ : সোমবার রাতে জম্মু ও কাশ্মীরের রামবানে স্বল্প-মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। জাতীয় ভূকম্পন নিরীক্ষণ কেন্দ্র (ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি বা এনসিএস) সোমবার রাত ১১টা ৪৬ মিনিট নাগাদ এই কম্পন রেকর্ড করেছে। এর কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে| রিখটার স্কেলে ২.৪ ছিল কম্পনের মাত্রা| শুধু রামবান নয়, পার্শ্ববর্তী এলাকার কিছু অংশেও কম্পন অনুভূত হয়েছে। কিন্তু এই ভূমিকম্পের জেরে কোনও প্রাণহানি বা সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর এখনও পাওয়া যায়নি। রাতের এই কম্পনের জেরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, অনেকেই বাড়ির বাইরে বেরিয়ে আসেন। তবে স্থানীয় প্রশাসন নিশ্চিত করেছে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।
