Cooking

4 days ago

Eid special semai: ইদের মিষ্টি আনন্দে ঐতিহ্য আর স্বাদের মেলবন্ধন, ঘরেই বানান সহজ রেসিপিতে সুস্বাদু জর্দা সিমাই

Eid-special Zarda Semai
Eid-special Zarda Semai

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  ইদ প্রায় আসন্ন। আর ইদের আনন্দ মানেই ঘরে ঘরে মিষ্টির সুবাস, অতিথি আপ্যায়নের ব্যস্ততা এবং বিশেষ খাবারের আয়োজন। এই উৎসবের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে আছে সিমাইয়ের নাম। তবে সাধারণ সিমাইয়ের চেয়ে একটু আলাদা স্বাদের, ঝরঝরে জর্দা সিমাই হলে তো উৎসবের আনন্দ যেন আরও দ্বিগুণ হয়ে ওঠে। খুব সহজ উপকরণে এবং অল্প সময়েই তৈরি করা যায় এই সুস্বাদু পদ, যা ইদের দিন আপনার রান্নাঘরকে করে তুলবে আরও আকর্ষণীয়। 

∆ উপকরণঃ জর্দা সিমাই তৈরি করতে প্রয়োজন সিমাই ২৫০ গ্রাম, চিনি ১৫০ গ্রাম, ঘি ৫০ গ্রাম, দুধ দু’কাপ। চাইলে দুধের বদলে নারকেল কুঁচি ব্যবহার করা যেতে পারে, যা সিমাইয়ের স্বাদকে আরও সমৃদ্ধ করে তোলে। এছাড়া প্রয়োজন তেজপাতা দু’টি, ছোট এলাচ পাঁচটি, সামান্য দারুচিনি, আধ কাপ কিসমিস, পেস্তা বাদাম এবং অল্প পরিমাণ গোলাপজল। 

∆ রন্ধন প্রণালীঃ  প্রথমেই চুলায় একটি কড়াই বসিয়ে তাতে ঘি গরম করতে হবে। ঘি গলে গেলে তার মধ্যে দারুচিনি, এলাচ এবং তেজপাতা দিয়ে ফোড়ন দিতে হবে। মশলার সুগন্ধ ছড়িয়ে পড়লে সেই ঘিয়ের মধ্যেই শুকনো সিমাই ঢেলে ভালো করে নেড়ে ভাজতে হবে। সিমাই ধীরে ধীরে হালকা বাদামি রং ধারণ করলে আঁচ কমিয়ে দিতে হবে, যাতে তা পুড়ে না যায়। 

এরপর কড়াইয়ে দুধ এবং পরিমাণ মতো জল দিয়ে তার সঙ্গে চিনি মিশিয়ে দিতে হবে। সিমাই সেই মিশ্রণে ভালোভাবে সেদ্ধ হতে থাকবে। কিছুক্ষণ পর যখন দুধ ও জল সামান্য শুকিয়ে আসবে, তখন কিসমিস দিয়ে নেড়ে নিতে হবে। এতে সিমাইয়ের মধ্যে মিষ্টতার সঙ্গে এক বিশেষ স্বাদ যোগ হবে। 


সবশেষে যখন জল প্রায় শুকিয়ে যাবে, তখন সামান্য গোলাপজল ছড়িয়ে দিয়ে কড়াই ঢেকে আঁচ বন্ধ করে দিতে হবে। এতে সিমাইয়ের মধ্যে একটি মনমাতানো সুবাস তৈরি হবে। প্রয়োজনে উপর থেকে সামান্য শুকনো সিমাই ছড়িয়ে দেওয়া যেতে পারে, যাতে তা আরও ঝরঝরে থাকে। পাঁচ মিনিট পর কড়াই থেকে নামিয়ে পেস্তা বাদাম ও কাজুবাদাম কুচি ছড়িয়ে পরিবেশন করলেই প্রস্তুত হয়ে যাবে সুস্বাদু জর্দা সিমাই। 

ইদের সকালে কিংবা সন্ধ্যার আনন্দমুখর আসরে এই ঝরঝরে জর্দা সিমাই নিঃসন্দেহে হয়ে উঠবে সবার পছন্দের সেরা মিষ্টান্ন। ঘরোয়া উপায়ে সহজেই তৈরি এই রেসিপি আপনার উৎসবকে করে তুলবে আরও মধুর ও স্মরণীয়। 


You might also like!