Tripura

4 days ago

Dharmanagar by-election: ধর্মনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে বিজেপি-এর প্রার্থী জহর চক্রবর্তী

Dharmanagar BJP candidate Jahar Chakraborty
Dharmanagar BJP candidate Jahar Chakraborty

 

আগরতলা, ১৯ মার্চ : উত্তর ত্রিপুরা জেলার ৫৬-ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। এই কেন্দ্রের জন্য ভারতীয় জনতা পার্টি (বিজেপি) জহর চক্রবর্তীকে প্রার্থী হিসেবে মনোনীত করেছে।

বুধবার বিজেপির জাতীয় সভাপতি নীতিন নবীনের সভাপতিত্বে অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকে প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়। বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। প্রার্থী ঘোষণার পর বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জহর চক্রবর্তীকে অভিনন্দন জানান এবং আসন্ন নির্বাচনে তাঁর সাফল্য কামনা করেন।

অন্যদিকে, এই উপনির্বাচনে বামফ্রন্ট ইতিমধ্যেই অমিতাভ দত্তকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। ফলে দুই প্রধান রাজনৈতিক শিবিরের লড়াই ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। নির্বাচন কমিশনের নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ৯ এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৩ মার্চ, ২৪ মার্চ হবে মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং ২৬ মার্চ পর্যন্ত প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন। ভোট গণনা হবে ৪ মে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ধর্মনগর কেন্দ্রে মোট ৪৬,১৪৩ জন ভোটার রয়েছেন। এর মধ্যে ২৩,৭৬৩ জন মহিলা এবং ২২,৩৮০ জন পুরুষ ভোটার। নির্বাচন পরিচালনার জন্য মোট ৫৫টি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে—এর মধ্যে ৩২টি শহরাঞ্চলে এবং ২৩টি গ্রামাঞ্চলে। এছাড়া ১২ জন সেক্টর সিভিল অফিসার নিয়োগ করা হয়েছে, যাঁদের মধ্যে চারজনকে রিজার্ভ রাখা হয়েছে। সবমিলিয়ে, ধর্মনগর উপনির্বাচনকে ঘিরে প্রশাসনিক প্রস্তুতি ও রাজনৈতিক তৎপরতা এখন তুঙ্গে।

You might also like!