Technology

54 minutes ago

Apple EMI: এককালীন টাকা নয়, এবার কিস্তিতে লিজে মিলবে আইফোন-সহ অ্যাপেলের ডিভাইস! নতুন পরিকল্পনায় চমক

Apple Premium Device Finance
Apple Premium Device Finance

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  অ্যাপেলের পণ্য ব্যবহার করা অনেকেরই স্বপ্ন। আইফোন, ম্যাকবুক, আইপ্যাড কিংবা অ্যাপল ওয়াচ—প্রতিটি ডিভাইসই প্রযুক্তিপ্রেমীদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু। তবে উচ্চমূল্যের কারণে এখনও বহু মানুষের নাগালের বাইরে থেকে যায় এই প্রিমিয়াম গ্যাজেটগুলি। এবার সেই সমস্যার সমাধানে নতুন উদ্যোগ নিতে চলেছে অ্যাপেল।

সংস্থার পরিকল্পনা অনুযায়ী, আগামী ২৮ জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রে চালু হতে পারে একটি নতুন ‘Upgrade’ কর্মসূচি। এই প্রকল্পের মাধ্যমে গ্রাহকরা অ্যাপেলের বিভিন্ন ডিভাইস লিজের ভিত্তিতে ব্যবহার করতে পারবেন। অনলাইনের পাশাপাশি অ্যাপেল স্টোর থেকেও এই পরিষেবার জন্য নাম নথিভুক্ত করা যাবে।  

এই ব্যবস্থার সবচেয়ে বড় সুবিধা হল, ডিভাইস কেনার জন্য একবারে মোটা অঙ্কের টাকা খরচ করতে হবে না। নির্দিষ্ট সময় ধরে মাসিক কিস্তিতে অর্থ পরিশোধ করেই ব্যবহার করা যাবে পছন্দের ডিভাইস। লিজের মেয়াদ শেষ হলে ব্যবহারকারী চাইলে সেটি ফেরত দিতে পারবেন, স্থায়ীভাবে কিনে নিতে পারবেন অথবা নতুন মডেলের সঙ্গে বদলে নেওয়ার সুযোগও পাবেন।

কোন ডিভাইস কত দিনের জন্য লিজে পাওয়া যাবে?

* iPhone: ২৪ মাস

* Apple Watch: ২৪ মাস

* Mac: ৩৬ মাস

* iPad: ৩৬ মাস

প্রাথমিকভাবে জানা যাচ্ছে, এই নতুন লিজ কর্মসূচিতে মাসিক কিস্তির পরিমাণ অ্যাপেলের বর্তমান ফিন্যান্সিং প্ল্যানের তুলনায় আরও সাশ্রয়ী হতে পারে। ফলে অনেক বেশি গ্রাহক প্রিমিয়াম ডিভাইস ব্যবহারের সুযোগ পাবেন বলে মনে করা হচ্ছে।  তবে আপাতত এই পরিষেবা শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রে চালু হওয়ার কথা। ভারতে কবে এই সুবিধা চালু হবে, সে বিষয়ে এখনও অ্যাপেলের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। প্রযুক্তিপ্রেমীদের এখন তাই সংস্থার পরবর্তী ঘোষণার দিকেই নজর।


You might also like!