Health

1 hour ago

Body Care Tech: দীর্ঘক্ষণ বসে কাজ? ব্যথা এড়াতে বাজারে এল ‘এআই পসচার কারেক্টর’

AI Posture Corrector in Action
AI Posture Corrector in Action

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বর্তমান কর্মব্যস্ত জীবনে ঘণ্টার পর ঘণ্টা ডেস্কে বসে কাজ করা যেন নিত্যদিনের অভ্যাসে পরিণত হয়েছে। কিন্তু এই অভ্যাসই ধীরে ধীরে শরীরের নানা সমস্যার মূল কারণ হয়ে উঠছে। পিঠ, কোমর, ঘাড় কিংবা কাঁধের যন্ত্রণা এখন অনেকেরই নিত্যসঙ্গী। একটানা বসে থাকার ফলে স্পন্ডিলাইটিস, স্লিপ ডিস্ক এমনকি কম বয়সেই বাতের মতো সমস্যাও দেখা দিচ্ছে। শুধু তাই নয়, বিশেষজ্ঞদের মতে দীর্ঘক্ষণ বসে থাকার ফলে নতুন ধরনের সমস্যাও বাড়ছে, যেমন ‘ডেড বাট সিনড্রোম’। এতে নিতম্বের পেশি ধীরে ধীরে নিষ্ক্রিয় হয়ে পড়ে—প্রথমে ব্যথা, পরে পেশির অনুভূতিই কমে যায়।

চিকিৎসকেরা বারবার পরামর্শ দেন, কাজের ফাঁকে ফাঁকে উঠে হাঁটা, শরীর স্ট্রেচ করা এবং সঠিক ভঙ্গিতে বসার অভ্যাস গড়ে তোলার। তবে ব্যস্ততার কারণে অনেকেই তা মেনে চলতে পারেন না। এই সমস্যার সমাধানেই এবার প্রযুক্তির সহায়তা। বাজারে এসেছে নতুন ‘স্মার্ট পোস্টার ডিভাইস’, যা শরীরে লাগিয়ে রাখলে ব্যবহারকারীকে সঠিক ভঙ্গিতে বসতে সাহায্য করে। দীর্ঘক্ষণ কুঁজো হয়ে বসে থাকলে বা একই ভঙ্গিতে বেশি সময় কাটালে ডিভাইসটি সতর্কবার্তা দেয়।

যন্ত্রই যখন প্রশিক্ষক: শরীর-স্বাস্থ্য ঠিক রাখার জন্য সাধ করে অনেকেই স্মার্ট ওয়াচ কিনছেন এখন। হাতে পরে থাকলে সে জানিয়ে দেয় কত পা হাঁটা হয়েছে, হার্টবিট কতটা, ঠিক কতখানি সময় ধরে বসে ছিলেন ইত্যাদি। এ বার সে কাজ আরও দায়িত্ব নিয়ে করবে ‘এআই পসচার কারেক্টর’। অর্থাৎ, শরীরের ভঙ্গিমা ঠিক রাখার যন্ত্র। রাস্তাঘাটে প্রায়ই দেখা যায় অনেকেই পিঠে-কোমরে বেল্টের মতো পরে রয়েছেন। সেটিও এক প্রকার পসচার কারেক্টর, কিন্তু ‘স্মার্ট’ নয়। সেটি এক রকম আঁটোসাঁটো বেল্ট, যা পোশাক পরার মতো পরে নিতে হয়। কিন্ত এখন যেটি বাজারে এসেছে সেটি ছোট্ট একটি চিপের মতো যন্ত্র। শরীরের যে কোনও জায়গায় লাগিয়ে নিন, বাইরে থেকে বোঝা যাবে না। শুধু যন্ত্রটি যোগ করে নিতে হবে মোবাইল অ্যাপের সঙ্গে। তার পরেই সে তার কাজ শুরু করে দেবে।

প্রশিক্ষকের মতোই নির্দেশ দেবে এ যন্ত্র। এটি কাজ করবে দুই পদ্ধতিতে— ১) ক্যামেরা ভিত্তিক যা কম্পিউটার বা স্মার্টফোনের ক্যামেরা ব্যবহার করে কাঁধ, ঘাড় ও মেরুদণ্ডের অবস্থান নজরে রাখবে। কখন ঝুঁকে বসছেন অথবা কখন হাঁটতে গিয়ে কুঁজো হয়ে যাচ্ছেন, কত ক্ষণ বসার পর আপনার পেশিও অসাড় হয়ে যাচ্ছে, সে সব জানিয়ে সতর্ক করবে। লাগাতার নোটিফিকেশন পাঠাতে থাকবে মোবাইলে। 


২) দ্বিতীয়টি হল সেন্সরভিত্তিক, সেটি ছোট এক ডিভাইস, যা পিঠে বা পোশাকে লাগিয়ে নিতে হবে। এতে থাকা সেন্সর শরীরের বিভিন্ন ভঙ্গিমা খেয়াল রাখবে। আপনার শরীরের গঠন অনুযায়ী বসার ভঙ্গি কেমন হবে, কী ভাবে বসবেন, কত ক্ষণই বা টানা বসবেন, সে সব হিসাব কষে ঠিক করবে এবং সময় মতো জানিয়ে দেবে। ভঙ্গি ভুল হলেই শরীরে মৃদু টোকা (কম্পন) দিয়ে বুঝিয়ে দেবে যে, ভুল ভঙ্গিতে বসে আছেন।

লাভ কতটা: এআই নির্ভর নানা যন্ত্রপাতি এখন রোজের যাপনের অঙ্গ হয়ে উঠেছে। কেউই বেশি পরিশ্রম করতে বা মাথা ঘামাতে চান না। পয়সা খরচ করে যদি এমন যন্ত্র পাওয়া যায়, যা আপনারই খেয়াল রাখবে, তা হলে সেটিই সবচেয়ে ভাল বলে বিবেচিত হয়। এ ক্ষেত্রেও তাই হয়েছে। এআই যন্ত্রটি নিয়ে এখন আলোচনা হচ্ছে বেশি। বেশির ভাগ মানুষই দিনের অনেকটা সময় বসে কাজ করেন। এতে কোমর, পিঠ ও নিতম্বের পেশি ক্ষতিগ্রস্ত হয়। স্নায়ু আর পেশির ব্যথা জট পাকিয়ে যায় অনেক সময়েই।

এআই যন্ত্রটি অনলাইনে পাওয়া যাচ্ছে। সেন্সর ভিত্তিক ডিভাইসের দাম ৫ হাজার টাকা থেকে শুরু করে ২০ হাজার বা তারও বেশি হতে পারে। সেটি ব্র্যান্ড ও যন্ত্রের ধরনের উপর নির্ভর করবে। 

You might also like!