
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: হরমুজ প্রণালীর কাছে তেলের ট্যাঙ্কারের উপর হামলার পর নিখোঁজ থাকা তিন ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করেছেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল।সূত্রের খবর, হামলার সময় জাহাজটিতে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছিল। এই ঘটনার পর থেকেই তিন নাবিক নিখোঁজ ছিলেন। তাঁদের মৃত্যুর খবর সামনে আসায় শোকের ছায়া নেমে এসেছে নৌপরিবহণ মহলে।
সোনোয়াল এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘পালাউয়ের পতাকাবাহী জাহাজে ঘটে যাওয়া ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। নিখোঁজ হওয়া তিন ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে। উদ্ধার হয়েছে দু’জনের দেহ। এই কঠিন সময়ে মোদী সরকার শোকসন্তপ্ত পরিবারগুলির পাশে দাঁড়িয়েছে এবং সব ধরনের সাহায্য করতে প্রতিশ্রুতিবদ্ধ।’ নিহত নাবিকদের দেহ ফিরিয়ে আনার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।
আমেরিকার নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে পালাউ। সেই পালাউয়ের জাহাজ ‘ম্যারিভেক্স’ হরমুজ় প্রণালীতে আমেরিকার অবরোধ এড়ানোর চেষ্টা করেছিল। আর সেই সময়েই আমেরিকার নৌবাহিনীর একটি ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ে ওই জাহাজের উপর। মার্কিন হামলার কারণে ওই জাহাজে আগুন ধরে যায়। ছুটোছুটি, হুড়োহুড়ি পড়ে যায় নাবিকদের মধ্যে। সেই সময়েই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিপদবার্তা পৌঁছে দেন ওই জাহাজে থাকা এক নাবিক। সেই বিপদবার্তাই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। সেখানে একজনকে বলতে শোনা গিয়েছে, ‘স্যর, ট্যাঙ্কার ম্যারিভেক্স থেকে বলছি... জাহাজে আগুন ধরে গিয়েছে। জাহাজটি ডুবতে শুরু করেছে।’জাহাজে মোট ২৪ জন ছিলেন। তাঁদের মধ্যে ২১ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছিল। যে তিন জন নিখোঁজ ছিলেন, তাঁদের মৃত্যু হয়েছে বলে জানাল কেন্দ্র।
বৃহস্পতিবার কেন্দ্রীয় জাহাজ মন্ত্রী সর্বানন্দ সোনওয়াল প্রথম খবরটি প্রকাশ্যে আনেন। তারপরই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। তিনি জানিয়েছেন, এখনও পর্যন্ত দু’জনের দেহ উদ্ধার হয়েছে। বাকি একজনের দেহের খোঁজে চলছে তল্লাশি। নিহতরা হলেন ডেক ক্যাডেট আদিত্য শর্মা, ইঞ্জিন ফিটার শিবানন্দ চৌরাসিয়া এবং প্রধান ইঞ্জিনিয়র পাটনালা সুরেশ। সর্বানন্দ তাঁর এক্স হ্যান্ডলে লেখেন, ‘পালাউয়ের পতাকাবাহী এমটি সেট্টেবেল্লো নামকটিতে হামলার ঘটনায় তিন জন ভারতীয় নাবিক নিখোঁজ ছিলেন। অত্যন্ত দুঃখের বিষয় যে তাঁদের মৃত্যু হয়েছে। নিহতদের পরিবারের পাশে রয়েছে মোদি সরকার। তাদের সবরকম সহায়তা করা হবে। নিহত তিন নাবিকের দেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।’
মার্কিন সেনার তরফে জানানো হয়েছে, তাদের নির্দেশ অমান্য করে জাহাজগুলি ইরানের বন্দরের দিকে অগ্রসর হচ্ছিল। সেই কারণেই তাদের উপর হামলা চালানো হয়েছে। যদিও এহেন হামলার কড়া নিন্দা করেছে নয়াদিল্লি। শুধু তাই নয়, দ্বিতীয় বাণিজ্যতরীটিতে হামলার পরই ভারতে মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশন জেসন মিকসকে তলব করেছে মোদি সরকার।
